দুর্নীতির অভিযোগে তিনজনকে অভিযুক্ত করল বিসিবি

০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ PM
বিসিবি লোগো

বিসিবি লোগো © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্নীতিবিরোধী আইনের বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগে তিনজনকে অভিযুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।

এই তালিকায় বিসিবির সাবেক পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ মুখলেসুর রহমান (শামীম), সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার (এসএলও) জাকির হোসেন এবং বগুড়া জেলা ক্রিকেটের সাবেক কাউন্সিলর ও বিসিবি অডিট কমিটির সাবেক সদস্য সচিব রাকিবুল ইসলাম সানি রয়েছেন।

বিসিবি জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্টিগ্রিটি ইউনিটের (বিসিবিআইইউ) তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২৪ সালের অ্যান্টি-করাপশন কোড ফর পার্টিসিপ্যান্টসের বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

মুহাম্মদ মুখলেসুর রহমানের বিরুদ্ধে চারটি ধারায় অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ম্যাচের ফল, অগ্রগতি, আচরণ বা অন্য কোনো দিক অনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা বা তাতে সম্পৃক্ততা (ধারা ২.১.১), কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিপূর্ণ কর্মকাণ্ডে উৎসাহিত বা সহায়তা করা (ধারা ২.১.৪), দুর্নীতিপূর্ণ কর্মকাণ্ডে যুক্ত হওয়ার প্রস্তাব বা আমন্ত্রণ পাওয়ার তথ্য যথাসময়ে অ্যান্টি-করাপশন কর্মকর্তাকে না জানানো (ধারা ২.৪.৪) এবং তদন্তের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগ বা তথ্য গোপন, মুছে ফেলা বা ধ্বংস করে তদন্তে বাধা দেওয়া (ধারা ২.৪.৭)।

জাকির হোসেনের বিরুদ্ধেও ধারা ২.১.১ ও ২.১.৪-এর অধীনে অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তদন্তে সহযোগিতা না করা এবং তদন্ত কর্মকর্তার জারি করা ডিমান্ড নোটিশের সঙ্গে যথাযথভাবে সহযোগিতা না করার অভিযোগে ধারা ২.৪.৬-ও যুক্ত হয়েছে।

অন্যদিকে, রাকিবুল ইসলাম সানির বিরুদ্ধে দুটি ধারায় অভিযোগ আনা হয়েছে। দুর্নীতিপূর্ণ কর্মকাণ্ডে যুক্ত হওয়ার প্রস্তাব বা আমন্ত্রণ পাওয়ার তথ্য যথাসময়ে প্রকাশ না করার অভিযোগে ধারা ২.৪.৪ এবং তদন্তে সহযোগিতা করতে ব্যর্থ বা অস্বীকৃতি জানানোর অভিযোগে ধারা ২.৪.৬ প্রয়োগ করা হয়েছে।

বিসিবি জানিয়েছে, অভিযোগের পর তিনজনকেই সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। চার্জ নোটিশ পাওয়ার পর নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দেওয়ার জন্য তারা ১৪ দিন সময় পাবেন। এরপর আইসিসি অ্যান্টি-করাপশন কোড অনুযায়ী চলবে পরবর্তী শৃঙ্খলাজনিত প্রক্রিয়া।

তবে অভিযোগগুলো এখনো প্রমাণিত হয়নি। সংশ্লিষ্ট অংশগ্রহণকারীদের জবাব এবং পরবর্তী শৃঙ্খলাজনিত প্রক্রিয়ার ভিত্তিতেই বিষয়টির নিষ্পত্তি হবে।

এ বিষয়ে বিসিবি জানিয়েছে, এই পর্যায়ে আর কোনো মন্তব্য করবে না তারা।

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধের, নারী আটক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মাঠে কাজ শুরু করেছেন ছায়া মন্ত্রিসভার দায়িত্বপ্রাপ্তরা: গোল…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ছেলেকে হারিয়ে ফেসবুকে কুবি শিক্ষিকার আবেগঘন পোস্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ১১ কর্মকর্তাকে রদবদল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মেসিকে বিদায়ী ম্যাচ খেলাতে স্কালোনির বিশেষ কৌশল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি, পাবেন যারা
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬