ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে আশার আলো, বিকল্প সূচি তৈরি করছে বিসিবি

২৭ জুলাই ২০২৬, ০৭:১৫ PM
বাংলাদেশ-ভারত ম্যাচ

বাংলাদেশ-ভারত ম্যাচ © সংগৃহীত

প্রায় এক বছরের অনিশ্চয়তা কাটিয়ে আবারও ভারত-বাংলাদেশ সিরিজ আয়োজনের সম্ভাবনা জোরালো হচ্ছে। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সেপ্টেম্বরের প্রথমার্ধে সীমিত ওভারের সিরিজ আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) যৌথভাবে সূচি চূড়ান্ত করার কাজ করছে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সফরের জন্য সময় বের করতে আফগানিস্তানের বিপক্ষে নির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পিছিয়ে দিতে যাচ্ছে বিসিসিআই। ওই সিরিজটি দিল্লিতে হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশ সফর চূড়ান্ত হওয়ার আগে ভারত সরকারের অনুমোদন প্রয়োজন। দুই বোর্ড চায়, অনুমতি মিললেই যেন দ্রুত সিরিজ আয়োজন করা যায়।

এর আগে, গত বছর কূটনৈতিক উত্তেজনার কারণে বাংলাদেশ সফরে আসেনি ভারত। এরপর আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের বিদায়ের ঘটনার পর দুই বোর্ডের সম্পর্ক নিয়েও নানা আলোচনা তৈরি হয়েছিল। তবে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক।

জানা গেছে, সম্ভাব্য সিরিজের জন্য ১ সেপ্টেম্বর থেকে দেশের সব আন্তর্জাতিক ভেন্যু খালি রেখেছে বিসিবি। ভারতীয় বোর্ডের সুবিধা অনুযায়ী, একাধিক সূচির প্রস্তাবও দেওয়া হয়েছে। ভারতের শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজ শেষ হবে ২৭ আগস্ট। আর আফগানিস্তান সিরিজ পিছিয়ে গেলে সেপ্টেম্বরের প্রথমার্ধে প্রায় দুই সপ্তাহের একটি সময় পাওয়া যাবে।

বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, বিসিবি চাইছে তিনটি টি-টোয়েন্টি এক ভেন্যুতে এবং তিনটি ওয়ানডে অন্য ভেন্যুতে আয়োজন করতে। এক্ষেত্রে ঢাকা ও চট্টগ্রাম সবচেয়ে সম্ভাব্য ভেন্যু। তবে প্রয়োজন হলে কেবল একটি ফরম্যাটের সিরিজ আয়োজনের বিষয়েও আলোচনা চলমান।

সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত আইসিসির সভার ফাঁকে এ বিষয়ে বৈঠক করেন দুই বোর্ডের কর্মকর্তারা। সেখানে আফগানিস্তান সিরিজের সূচি এবং বাংলাদেশ সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ভারত সরকারের অনুমতির ওপর নির্ভর করছে।

এদিকে বিসিসিআই ইতোমধ্যে নির্বাচকদের আফগানিস্তান সিরিজের সম্ভাব্য সূচি সম্পর্কে জানিয়েছিল। তবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এখন জানা যাচ্ছে, সেই সিরিজের প্রস্তুতিও আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে।

গত মে মাসে আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল টাইমস অব ইন্ডিয়াকে বলেছিলেন, অতীতের ঘটনাগুলো পেছনে ফেলে সদস্য দেশগুলোর ক্রিকেট বোর্ডের সঙ্গে সুস্থ ও ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে চায় বিসিসিআই। সেই অবস্থানের ধারাবাহিকতাতেই বাংলাদেশ সফরের পরিকল্পনা এগিয়ে চলছে বলে মনে করা হচ্ছে।

মৃদু ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকায়
  • ১৭ আগস্ট ২০২৬
ডায়াবেটিস কী, কেন হয় এবং কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়?
  • ১৭ আগস্ট ২০২৬
ব্রেস্ট ক্যান্সার: যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়
  • ১৭ আগস্ট ২০২৬
হামাস নেতার সঙ্গে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিরল বৈ…
  • ১৭ আগস্ট ২০২৬
কলেজ শিক্ষক-ছাত্রীর অনৈতিক সম্পর্কের সত্যতা পেয়েছে তদন্ত কম…
  • ১৭ আগস্ট ২০২৬
জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage