পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় যেতে হবে ভারতকে!

০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৩ PM
ভারত-পাকিস্তান দল

ভারত-পাকিস্তান দল © টিডিসি ফটো

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। তবে পাকিস্তানের এমন অনড় অবস্থানের মধ্যেও ভারত তাদের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শ্রীলঙ্কা সফর করবে বলে নিশ্চিত করেছে বিসিসিআই।

রবিবার রাতে পাকিস্তান সরকারের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম থেকে হাই-ভোল্টেজ ম্যাচটি না খেলার ঘোষণা আসার পর ভারত কী করবে, তা নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটালো ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই জানিয়েছে, পাকিস্তান না খেললেও ভারত আইসিসির সকল নিয়ম মেনে যথাসময়ে মাঠে উপস্থিত থাকবে।

বিসিসিআইয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বার্তা সংস্থা এএনআই-কে ভারতের অবস্থান পরিষ্কার করে বলেছেন, ‘ভারত ১৫ই ফেব্রুয়ারি শ্রীলঙ্কা সফর করবে এবং আইসিসির সকল প্রটোকল মেনে চলবে।’ তিনি আরও জানান যে, ভারত কোনো আনুষ্ঠানিকতা বাদ দেবে না। তাঁর ভাষ্যমতে, ‘নির্ধারিত সূচি অনুযায়ী অনুশীলন করবে, সংবাদ সম্মেলন করবে এবং সময়মতো স্টেডিয়ামে পৌঁছাবে। এরপর ম্যাচ রেফারি কর্তৃক খেলাটি বাতিল ঘোষণার জন্য অপেক্ষা করবে।’ এর ফলে পাকিস্তান মাঠে না এলে ওয়াকওভারের মাধ্যমে পূর্ণ পয়েন্ট পাওয়ার পথেই হাঁটবে ভারত।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের 'এ' গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গী হিসেবে রয়েছে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও নামিবিয়া। ভারতের গ্রুপ পর্বের অধিকাংশ ম্যাচ নিজেদের দেশে হলেও শুধু পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য তাদের শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল। সূচি অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি দিল্লিতে নামিবিয়ার বিপক্ষে খেলে ভারত কলম্বোর উদ্দেশ্যে রওনা হবে। অন্যদিকে, পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় নির্ধারিত থাকায় তারা আজই দেশটিতে পৌঁছাবে এবং ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।

পাকিস্তান সরকার এই বয়কটের পেছনে আনুষ্ঠানিক কোনো কারণ স্পষ্ট না করলেও পিসিবি গত দুই সপ্তাহ ধরে আইসিসির 'নীতিগত অবস্থান' নিয়ে কড়া সমালোচনা করছে। গত বছর ভারতের নিরাপত্তা শঙ্কাকে আইসিসি যেভাবে গুরুত্ব দিয়েছিল, এবার বাংলাদেশের ক্ষেত্রে তেমনটি না করায় আইসিসির আচরণকে ‘দ্বিমুখী’ বলে অভিহিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে এই রাজনৈতিক ও নীতিগত দ্বন্দ্বের মাঝেও আইসিসির প্রটোকল মেনে ভারত তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে।

একদিনেই দুই সুখবর পেলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যানেজার পুলিশি হ…
  • ১৭ অক্টোবর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের ১৩তম গ্রেড নিয়ে যা বললেন সচিব
  • ১৭ অক্টোবর ২০২৬
শনাক্ত করা যাচ্ছে না পুড়ে যাওয়া ১০ মরদেহ, লাপাত্তা রিসোর্ট …
  • ১৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির সমাবর্তন ৩ ডিসেম্বর
  • ১৭ অক্টোবর ২০২৬
নওগাঁয় গাঁজাসহ আটক ছাত্রদল নেতাকে বহিষ্কার
  • ১৭ অক্টোবর ২০২৬