বিমান বাংলাদেশ এয়ারলাইন্স © সংগৃহীত
হুথিদের করা হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ রুটের দুটি ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ১১ ও ১২ অক্টোবরের নির্ধারিত বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইট দুটি স্থগিতের বিষয়টি জানিয়ে যাত্রীদের নতুন বার্তা দিয়েছে রাষ্ট্রীয় এয়ারলাইনসটি।
রবিবার (১১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা স্থানীয় সময় ১১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বাড়িয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী, এ সময়সীমা ১২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দরটি পুনরায় চালুর বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ঢাকা-রিয়াদ ও রিয়াদ-ঢাকা রুটের নির্ধারিত ফ্লাইট দুটি স্থগিত করা হয়েছে। ফ্লাইট ও পরবর্তী সময়সূচি সম্পর্কে সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১২টায় যাত্রীদের অবহিত করা হবে।
ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একই সঙ্গে এ পরিস্থিতিতে যাত্রীদের সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।