চুয়াডাঙ্গায় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বিপ্লব হোসেন সাগরের মৃত্যু। © সংগৃহীত
পরীক্ষার হলে উত্তরপত্রে রোল নম্বর লেখার পরপরই বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন বিপ্লব হোসেন সাগর (২০) নামের এক শিক্ষার্থী। দ্রুত হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়, আর শেষ পর্যন্ত লাশ হয়েই বাড়ি ফিরতে হলো চুয়াডাঙ্গা সরকারি কলেজের এই অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীকে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পরে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সাগর জীবননগর উপজেলার সুভলপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের শিক্ষক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন জানান, পরীক্ষা শুরুর প্রায় ১০ মিনিট আগে সাগর পরীক্ষার হলে প্রবেশ করেন। উত্তরপত্রে রোল নম্বর লেখার পর প্রশ্নপত্র বিতরণের আগেই তিনি বুকে হাত দিয়ে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে কলেজের একটি ভ্যানে এক সহযোগীকে সঙ্গে দিয়ে তাঁকে হাসপাতালে পাঠানো হয় এবং অভিভাবকদের খবর দেওয়া হয়। পরবর্তীতে হাসপাতাল থেকে তাঁর মৃত্যুর খবর আসে।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. রকিবুল ইসলাম শাহীন বলেন, মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মাহবুব পারভেজ ফোন করে সাগরের অসুস্থ হওয়ার বিষয়টি জানান। খবর পেয়ে তিনি দ্রুত পরীক্ষা কেন্দ্রে যান এবং বিষয়টি কলেজের অধ্যক্ষ ও বিভাগের প্রধান শফিকুল ইসলামকে অবহিত করেন। খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যেই তিনি ঘটনাস্থলে পৌঁছান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসি জানান, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।