প্রতীকী ছবি © সংগৃহীত
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য পুনরায় দ্বিতীয় ধাপে অনলাইন আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর (রবিবার) থেকে এ আবেদন শুরু হয়ে চলবে ২৮ সেপ্টেম্বর (সোমবার) রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ৮টায়। সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ১৭ সেপ্টেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে
১. যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি অথবা আবেদন করেও কোনো কলেজে সিলেকশন পায়নি।
২. যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে, কিন্তু কোনো কারণে নিশ্চায়ন করতে পারেনি কিংবা নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি হতে পারেনি।
৩. যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে, কিন্তু ভুল কোটা নির্ধারণের কারণে কলেজে ভর্তি হতে পারেনি।
আবেদন যেভাবে: বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ভর্তি ওয়েবসাইট এ দেওয়া পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে হবে।
আবেদন ও ভর্তির সময়সূচি: দ্বিতীয় ধাপে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ২৭ সেপ্টেম্বর (রবিবার) থেকে। আবেদন করা যাবে ২৮ সেপ্টেম্বর (সোমবার) রাত ৮টা পর্যন্ত।
ফল প্রকাশ: দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ৮টায়।
নির্বাচন নিশ্চায়ন: নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর থেকে ৩ অক্টোবর (শনিবার) রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চায়ন করা যাবে। কোনো শিক্ষার্থী এ সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে তার নির্বাচন ও আবেদন বাতিল হবে।
মাইগ্রেশনের ফল প্রকাশ: পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর (রবিবার) রাত ৮টায়।
ভর্তি কার্যক্রম: দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ৫ অক্টোবর (সোমবার) থেকে ৭ অক্টোবর (বুধবার) পর্যন্ত।
যাদের আবেদন ফি দিতে হবে না: বিজ্ঞপ্তিতে বিশেষভাবে বলা হয়েছে, প্রথম ধাপে আবেদন করেও যারা কোনো কলেজে সিলেকশন পায়নি, দ্বিতীয় ধাপে আবেদনের ক্ষেত্রে তাদের অনলাইন আবেদন ফি ২২০ টাকা দিতে হবে না। এ ধরনের শিক্ষার্থীদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ সিলেকশন বা এডিট সম্পন্ন করতে হবে।
এ ছাড়া দ্বিতীয় ধাপে আবেদনের সময় কোটার যোগ্যতা বুঝে সঠিকভাবে কোটা নির্ধারণ করে আবেদন করতে বলা হয়েছে। ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দেওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিস্তারিত জানতে নিচে দেখুন।
