আজিম সরকার © সংগৃহীত
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আজিম সরকার (২৪) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে গফরগাঁও-ভালুকা সড়কের পাঁচুয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় উপজেলার চরআলগী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে রিফাত (২৮) ও আলমগীর (২৬) নামে দুই ভাইকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মটরসাইকেল আরোহী আজিম সরকার উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া মধ্যপাড়া এলাকার শহিদুল সরকারের ছেলে। সে আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের এইচএসসির শিক্ষার্থী ছিল।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গফরগাঁও থেকে ভালুকামুখী একটি প্রাইভেটকার পাঁচুয়া বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লাবিবা বুশরা জানান, মোটরসাইকেল আরোহী আজিম সরকারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এ ছাড়াও এ দুর্ঘটনায় আহত আরও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গফরগাঁও থানার অফিসার্স ইনচার্জ ( ওসি) মুশফিক রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল ও প্রাইভেটকার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত মোটরসাইকেল আরোহী আজিম সরকারের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।