প্রকাশিত সংবাদের প্রতিবাদ © সংগৃহীত
শুক্রবার (১৩ নভেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসে ‘ঢাকা কলেজে সপ্তাহে ২৫০০ টাকা চাঁদায় ব্যবসার সুযোগ, নাম বলায় বিক্রেতাকে মারধরের অভিযোগ ছাত্রদল কর্মীর বিরুদ্ধে’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন কলেজটির শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী আমান উল্লাহ আমান।
শনিবার (১৪ নভেম্বর) এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি আরও বলেন, সংবাদে ক্যাম্পাসে দোকান পরিচালনাকারী এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে আমার নাম উল্লেখ করা হয়েছে। অথচ ওই ব্যক্তির সঙ্গে আমার কোনো ধরনের আর্থিক লেনদেন বা সংশ্লিষ্টতা নেই। কলেজ প্রশাসন যখন ক্যাম্পাস থেকে ওই ব্যক্তিকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়, তখন তিনি দাবি করেন যে, আমিই নাকি তাঁকে সেখানে দোকান বসানোর ব্যবস্থা করে দিয়েছি। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা হওয়ায় আমি তার কাছে জানতে চাই, কেন তিনি আমার নাম ব্যবহার করে এমন বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। পরবর্তীতে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
‘‘অন্যদিকে, আমার কাছে থাকা তথ্য ও প্রমাণ অনুযায়ী, ক্যাম্পাসে দোকান পরিচালনাকারী ওই ব্যক্তির কাছ থেকে প্রতি সপ্তাহে ১,০০০ টাকা করে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলিম রিফাত গ্রহণ করেন। এ বিষয়ে যথাযথ প্রমাণও রয়েছে। অথচ আমার বিরুদ্ধে টাকা গ্রহণের কোনো প্রমাণ, তথ্য কিংবা গ্রহণযোগ্য ভিত্তি নেই।’’
প্রতিবাদ লিপিতে আমান উল্লাহ আমান বলেন, আমি মনে করি, ব্যক্তিগতভাবে আমাকে হেয়প্রতিপন্ন করা এবং আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই দোকান পরিচালনাকারী ওই ব্যক্তিকে ব্যবহার করে এ ধরনের বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করা হয়েছে।
‘‘আমি স্পষ্টভাবে জানাতে চাই, কোনো প্রকার প্রমাণ ছাড়া একজন শিক্ষার্থীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য যাচাই করা অত্যন্ত জরুরি। আমি এই মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’’
প্রতিবেদকের বক্তব্য
প্রতিবেদনে ভুক্তভোগী খিচুড়ি বিক্রেতা রাজিব হোসেনের বক্তব্য তুলে ধরা হয়েছে। সেটির ভিডিও প্রতিবেদকের কাছে রয়েছে। তাছাড়া অভিযুক্ত আমান উল্লাহ আমানের বক্তব্যও প্রতিবেদনে রয়েছে। ফলে প্রতিবেদনে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই।