রাষ্ট্রপতিকে ছবি তুলে দেওয়ার জন্য বিশেষ করে শুধু অধ্যক্ষের নামই উল্লেখ করা হয়েছিল মাইকে । কিন্তু রাষ্ট্রপতির পাশে দাঁড়ানো জায়গা হয়নি তার © ফাইল ছবি
ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছবি তুলতে গিয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসকে উপেক্ষিত হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর, এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
এছাড়া অনুষ্ঠানে অতিথিদের বসার মঞ্চে সামনের সারিতে জায়গা পেলেও শেষের দিকে তাকে দেখা যায়নি। এমনকি মঞ্চের এক কোণায় একা বসার একটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রাষ্ট্রপতির সঙ্গে ছবি তুলতে যাওয়ার ভিডিওটিতে দেখা যায়, ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে, রাষ্ট্রপতিকে একটি উপহার দেওয়া হয়। সঞ্চালনায় কলেজের অধ্যক্ষ, ডিবেটিং সোসাইটির চিপ মডারেটর এবং সভাপতির নাম উল্লেখ করা হলেও, কিন্তু সেখানে ভালোভাবে জায়গা হয়নি অধ্যক্ষের। সেখানে জায়গা হয়েছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন সভাপতি মীর সরফত আলি সফু সহ অ্যালামনাইয়ের অন্যান্য নেতৃবৃন্দের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা করে রাকিব হাসান বলেন, রাষ্ট্রপতিকে ছবি তুলে দেওয়ার জন্য বিশেষ করে শুধু অধ্যক্ষের নাম-ই উল্লেখ করা হয়েছে কিন্তু রাষ্ট্রপতির পাশে দাঁড়ানো জায়গা ওনার হয়নি। বিষয়টা খুবই লজ্জাজনক।

মঞ্চের এক কোণায় একা বসার একটি ছবি ছড়িয়ে পড়েছে
তিনি আরো বলেন, অনুষ্ঠান পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছিল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। তাহলে অ্যালামনাইদের নিজস্ব স্বার্থ রক্ষা ও এজেন্ডা বাস্তবায়ন করতেই আজকের এই মিলন মেলা?
মাহমুদুল হাসান হৃদয় নামের আরেক শিক্ষার্থী তার ফেসবুকে লেখেন, ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই গৌরবময় আয়োজনের অংশ হয়েছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের একটি বড় অংশ। যদিও আয়োজনটি কলেজের নিজস্ব ব্যবস্থাপনায় নয়, বরং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছে এবং এর অংশ হিসেবেই রাষ্ট্রপতির আগমন ঘটেছে কলেজে। কিন্তু এই আয়োজনে একটি দৃশ্যমান চিত্রপট স্পষ্ট হয়ে উঠেছে—যেখানে কলেজের প্রশাসনিক মেরুদণ্ড এবং শিক্ষকের সম্মান ও মর্যাদার জায়গাটিকে একেবারেই ভেঙে দেওয়া হয়েছে।
‘‘বিশেষ করে ঢাকা কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়া উচিত ছিল কলেজের অধ্যক্ষের। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, অনুষ্ঠানের পুরো অংশজুড়ে কোথাও বিন্দুমাত্র সম্মানের মাপকাঠিতে রাখা হয়নি কলেজ অধ্যক্ষকে। মঞ্চের একেবারে শেষের দিকে তাকে রাখা হয়েছে; ব্যানারেও তার নাম রাখা হয়েছে বিশেষ অতিথি হিসেবে সবার নিচে।’’

রাষ্ট্রপতি বক্তব্য দেওয়ার সময় শেষের দিকে মঞ্চের সামনের সারিতে দেখা যায়নি
তিনি লেখেন, প্রশ্ন হলো, আজকে যারা অতিথি হয়ে এসেছেন, তারাও তো একসময় এই কলেজেরই ছাত্র ছিলেন। আমরা গতানুগতিকভাবে দেখতে পাই, একজন ছাত্র যত বড় পদেই আসীন হোন না কেন, দিনশেষে তিনি নিজেকে ছাত্র হিসেবে পরিচয় দিতেই গর্ববোধ করেন। আর সেই ছাত্রদেরই বর্তমান অভিভাবক বা অধ্যক্ষ হচ্ছেন ঢাকা কলেজের অধ্যক্ষ। অথচ অনুষ্ঠানে তার ভূমিকা রাখা হয়েছে খুবই লজ্জাজনকভাবে; তাঁকে ন্যূনতম সম্মানটুকুও দেওয়া হয়নি। এমনকি ফটোসেশন থেকে শুরু করে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানানো—প্রতিটি জায়গায় তাকে প্রকাশ্যে তার যথাযথ স্থান থেকে বিচ্যুত করা হয়েছে।

কিছু সময় মঞ্চের সামনের সারিতে দেখা যায় তাকে
‘‘আমরা পরিবর্তনশীল বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রায়ই দেখি, তিনি কোনো শিক্ষক বা শিক্ষাবিদকে কাছে পেলে পরম শ্রদ্ধায় কাছে টেনে নেওয়ার চেষ্টা করেন এবং যেকোনো অনুষ্ঠানে কোনো শিক্ষককে কাছে পেলেই নিজের পাশে নিয়ে বসান। আজকে কি ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে অধ্যাপক এ কে এম ইলিয়াস স্যার তাঁর যথাযথ স্থান ও ন্যূনতম সম্মানটুকু পাওয়ার অধিকার রাখতেন না’’
আরেক শিক্ষার্থী সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন নিঃসন্দেহে আনন্দের। তবে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এই আয়োজনে নিজ ক্যাম্পাসেই কলেজ অধ্যক্ষের প্রাপ্য সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হওয়ার বিষয়টি সত্যিই দুঃখজনক।
‘‘ব্যানারে সবার নিচে নাম রাখা, মঞ্চের এক কোণে বসিয়ে দেওয়া থেকে শুরু করে ফটোসেশন কিংবা রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানানো—কোথাও অধ্যক্ষকে তার যথাযথ মূল্যায়ন করা হয়নি। অথচ আজকের অতিথিরাও একসময় এই কলেজেরই ছাত্র ছিলেন; আর সেই হিসেবে অধ্যক্ষ তাদের বর্তমান অভিভাবক।’’