ছেলের খোঁজে রাতে থানায় জিডি করেন বাবা, সকালে পুকুরে ভেসে উঠল মরদেহ

১২ অক্টোবর ২০২৬, ১২:৪৯ PM , আপডেট: ১২ অক্টোবর ২০২৬, ১২:৪৯ PM
নিহত শিশু হোসাইন

নিহত শিশু হোসাইন © টিডিসি সম্পাদিত

বিকেলে বাড়ির পাশে সমবয়সী শিশুদের সঙ্গে খেলছিল ছয় বছরের হোসাইন। ছেলেকে খেলতে দেখে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন মা। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়িতে ফেরেনি সে। এরপর স্বজনদের উদ্বেগ, খোঁজাখুঁজি আর মাইকিং। 

ছেলেকে না পেয়ে রাত নয়টার দিকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বাবা। তবু রাতভর অপেক্ষার শেষটা হলো এক মর্মান্তিক খবরে। নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুরে ভেসে উঠল হোসাইনের নিথর দেহ।

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে হোসাইনের মরদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।

নিহত মো. হোসাইন উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর পরুয়াপাড়া এলাকার রমজান আলী হাজীর বাড়ির আব্দুর রহিমের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট। নিহতের বাবা আব্দুর রহিম চট্টগ্রাম বন্দরে শ্রমিক হিসেবে কাজ করেন বলে জানা গেছে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে বাড়ির পাশে সমবয়সী শিশুদের সঙ্গে খেলছিল হোসাইন। ছেলেকে খেলতে দেখে মা ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েন। এর মধ্যে কখন যে হোসাইন নিখোঁজ হয়ে যায়, তা পরিবারের কেউ বুঝতে পারেননি। সন্ধ্যা হয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। এলাকায় প্রচার-প্রচারণাও চালানো হয়। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি।

ছেলেকে খুঁজে না পেয়ে রবিবার রাত নয়টার দিকে আনোয়ারা থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন বাবা আব্দুর রহিম। পরিবারের সদস্যদের উৎকণ্ঠায় কাটে রাত।

আরও দেখুন: ১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন

সোমবার সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে পানি আনতে গিয়ে কয়েকজন নারী পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা মরদেহটি উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আনোয়ারা থানা-পুলিশ।

নিহত শিশুর চাচা মো. জাবেদ বলেন, ‘আমার ভাতিজা গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি। পরে তার খোঁজে এলাকায় মাইকিং করা হয়। ভেবেছিলাম, হয়তো কোথাও আছে, খুঁজে পাওয়া যাবে। কিন্তু সকালে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করতে হলো। এভাবে ওকে হারাতে হবে, কখনো ভাবিনি।’

স্থানীয় ইউপি সদস্য মো. ইসহাক বলেন, ‘বিষয়টি খুবই মর্মান্তিক। খুব গরিব ঘরের সন্তান তারা। তাদের এমন দূর্ঘটরায় পুরো এলাকাবাসী শোকে কাতর হয়ে গেছে। গতকাল রাতে আমি বিষয়টি জানতে পেরে এখানে এসে তার বাবাকে থানায় জিডি। সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে শিশুটির বাড়িতে এসেছি। পুলিশের একটি দলও এখানে রয়েছে।’

হোসাইনকে হারিয়ে তার বাবা-মা প্রায় ভেঙে পড়েছেন বলে জানান এই ইউপি সদস্য।

আরও দেখুন: ভিজিএফের চাল চুরির দায়ে ইউপি সচিব আটক 

পুলিশের প্রাথমিক ধারণা, সাঁতার না জানায় অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। মরদেহ উদ্ধারের সময় শিশুটির মুখ দিয়ে পানি বের হচ্ছিল। প্রাথমিকভাবে পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশের তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, শিশুটি সাঁতার জানত না। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬
গ্রিসের এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবক সিজা…
  • ১২ অক্টোবর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ
  • ১২ অক্টোবর ২০২৬
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬