প্রতীকী ছবি © সংগৃহীত
নওগাঁর আত্রাইয়ে সপ্তম শ্রেণির ১২ বছর বয়সী এক ছাত্রীর বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় কনের বাবা ও বরের বাবাকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) উপজেলার সমাসপাড়া গ্রামে বিয়ের আয়োজন করা হলে খবর পেয়ে সেখানে অভিযান চালায় প্রশাসন। পরে রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত এসব দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—সমাসপাড়া এলাকার করম আলী শেখের ছেলে মান্নান শেখ, ইয়ানুস শেখের ছেলে মো. রাব্বি শেখ ও মৃত আব্দুল আজিজের ছেলে মো. মাহাতাব আলী। তাদের যথাক্রমে এক বছর, ছয় মাস ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১২ বছর বয়সী ওই ছাত্রীর বাল্যবিয়ের আয়োজনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিয়ের আয়োজনের সত্যতা পাওয়ার পর বর আল আমিন ও কনের বাবা-মাকে বিয়েবাড়িতে আসতে বলা হয়। দীর্ঘ সময় অপেক্ষার পরও বর ও কনের পক্ষের কেউ সেখানে না আসায় বর-কনেকে আটক করা হয়।
পরে তাদের নিয়ে গাড়িটি বিয়েবাড়ি থেকে বের হওয়ার সময় বরের পরিবারের লোকজনসহ প্রায় ২৫ থেকে ৩০ জন গাড়িটি আটকে দেওয়ার চেষ্টা করেন। একই সঙ্গে তারা আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং মোবাইল কোর্টে দায়িত্ব পালনরত পুলিশ সদস্য, পেশকার ও গ্রাম পুলিশের ওপর হামলার চেষ্টা করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হলে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছান। পরে বর-কনেসহ প্রথমে তিনজনকে আটক করা হয়। পরবর্তী সময়ে আরও চারজনকে আটক করে পুলিশ।
রাতে ভ্রাম্যমাণ আদালতে বাল্যবিবাহ আয়োজনের অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী বরের বাবা মো. ইয়ানুস শেখ ও কনের বাবা জুয়েলকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে বাল্যবিবাহের সঙ্গে জড়িত না হওয়ার বিষয়ে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
এ ছাড়া সরকারি কাজে বাধা দেওয়া, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং মোবাইল কোর্টে দায়িত্ব পালনরত পুলিশ, পেশকার ও গ্রাম পুলিশের ওপর হামলার চেষ্টার অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘বাল্যবিবাহ বন্ধের পাশাপাশি সরকারি কাজে বাধা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।’