চাঁদপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান

২৪ আগস্ট ২০২৫, ০৯:১০ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০১:৪৮ PM
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান © টিডিসি

চাঁদপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রবিবার (২৪ আগস্ট) দুপুরে চাঁদপুরের সবচেয়ে বড় ইলিশ অবতরণকেন্দ্র বড় স্টেশন মাছঘাটে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। এ সময় মাছঘাটে উপস্থিত আড়তদার ও ব্যবসায়ীদের কাগজপত্র যাচাই করা হয় ও মৌখিকভাবে সতর্ক করা হয়।

অভিযানে জেলা মৎস্য অফিসের কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং আনসার-ভিডিপির সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানের উদ্দেশ্য ছিল ইলিশের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ, ক্রেতাদের স্বার্থ সুরক্ষা এবং ব্যবসায়ীদের স্বচ্ছতা নিশ্চিত করা। সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ‘আমরা নিয়মিত বাজার মনিটর করছি। আজ আড়তদার, খুচরা ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেছি। কোথাও অনিয়ম হচ্ছে কিনা, মূলত সেটিই যাচাই করা হয়েছে। ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে মূল্য বাড়ালে বা কৃত্রিম সংকট তৈরি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ ছাড়া নিয়মিত অভিযানের অংশ হিসেবে শহরের স্ট্যান্ড রোড এলাকায়ও ভোক্তা অধিদপ্তরের অভিযান চালানো হয়। সেখানে মেসার্স আল মদিনা এন্টারপ্রাইজকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরির অপরাধে ৫ হাজার টাকা এবং জিলানী এন্টারপ্রাইজকে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ছাড়া তেল-গ্যাস মজুদ ও বিক্রির অভিযোগে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার মোট অর্থ ১০ হাজার টাকা অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ তাৎক্ষণিকভাবে পরিশোধ করে এবং ভবিষ্যতে একই ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।

ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬