ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি (বিশেষ পরীক্ষা) পরীক্ষায় বসার সুযোগ দিচ্ছে সরকার। আগামী ১ ডিসেম্বর এ পরীক্ষা শুরু হবে। একই মাসের মধ্যেই ফল প্রকাশ করবে বোর্ডগুলো। এতে উত্তীর্ণদেরও ইতিমধ্যে তারিখ ঘোষণা করা বিশ্ববিদ্যালয়গুলোয় আবেদনের সুযোগ দেওয়ার দাবি উঠেছে। তবে এমন দাবি মেনে ভর্তি পরীক্ষা পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ডিসেম্বর মাসেই শেষ হবে। সেক্ষেত্রে সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসার সুযোগ পাওয়া ৪ লাখের বেশি শিক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না। তবে পুনঃনিরীক্ষণের ফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল সূত্র আজ বুধবার (৪ নভেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।
গত শনিবার (৩১ অক্টোবর) ফল প্রকাশের পরদিন ১ নভেম্বর (রবিবার) শুরু হয়েছে পুনঃনিরীক্ষণের এই আবেদন, যা চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। আর পুনর্নিরীক্ষণের ফলাফল আগামী ২৭ নভেম্বর প্রকাশিত হওয়ার কথা রয়েছে। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ১১ নভেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হবে, যা চলবে ২৫ নভেম্বর পর্যন্ত।
ভর্তি পরীক্ষার দায়িত্বে থাকা শীর্ষ এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সাপ্লিমেন্টারি পরীক্ষা শেষে ফলাফল পেতে ডিসেম্বর শেষ হয়ে যাবে। তবে তার আগেই ঢাবির ভর্তি পরীক্ষার আবেদন ও পরীক্ষা শেষ হয়ে যাবে। এত লম্বা সময় পরীক্ষা পেছানোরও সুযোগ নেই। সে ক্ষেত্রে তাদের ঢাবির ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ নেই বললেই চলে। তবে যাদের পরীক্ষা পরে হবে, সেখানে হয়তো তারা আবেদনের সুযোগ পাবেন। তবে পুনঃনিরীক্ষণে কারও ফলাফল চেঞ্জ হলেও তারা ঢাবিতে আবেদনের সুযোগ পাবেন।
আরও খবর: ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা
এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষার্থীদের স্বার্থে আবেদনের সময়সীমা দুইদিন বাড়ানো যেতে পারে। যেহেতু আমাদের ভর্তি পরীক্ষার আবেদনের শেষ সময় এবং এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সময় প্রায় একই সময়ে।
আবেদনের সময়সীমা বাড়ানো নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সবাই একমত জানিয়ে তিনি বলেন, ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে।
সময়সূচি অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর ‘আইবিএ ইউনিট’-এর ভর্তি পরীক্ষার মাধ্যমে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু হবে। এরপর ১২ ডিসেম্বর ‘বিজ্ঞান ইউনিট’, ১৯ ডিসেম্বর ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ২২ ডিসেম্বর ‘চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন)’ এবং ২৬ ডিসেম্বর ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।