মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন অভিনেতা ও তৃণমূল সংসদ সদস্য দেব © সংগৃহীত
টালিউডের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব। শুক্রবার (৮ আগস্ট) রাতে কলকাতার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে গিয়ে মহাগুরুর সার্বিক শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
ভারতীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, সম্প্রতি মিঠুন চক্রবর্তীর হাতে একটি অস্ত্রোপচার হয়েছে। শুক্রবার সকালে তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। সাথে ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়সহ কয়েকজন। পরবর্তীতে রাতে লাদাখে ‘দেশু ৭’ সিনেমার শুটিং শেষ করে কলকাতায় ফিরেই ব্যস্ততার মাঝে হাসপাতালে পৌঁছান দেব।
রাজনৈতিক ভিন্ন মেরুর হলেও ব্যক্তিগত জীবনে মিঠুন চক্রবর্তীকে নিজের বাবার মতো শ্রদ্ধা করেন দেব। ‘প্রজাপতি’ চলচ্চিত্রে তাদের বাবা-ছেলের রসায়ন ব্যাপক প্রশংসিত হয়েছিল। রাজনীতির প্রভাব ব্যক্তিগত সম্পর্কে না ফেলার বিষয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে দেব অতীতেও বলেছিলেন, ‘যে রাজনীতি সম্পর্ককে সম্মান দেয় না, সেই রাজনীতি আমি করি না।’
হাসপাতালে মিঠুনের সঙ্গে সাক্ষাতের দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে দেব লেখেন, ‘তুমি সবসময়েই আমার কাছে বাবার মতো। তোমার সুস্বাস্থ্য, সুখ এবং যা কিছু প্রাপ্য, তার সবটাই যেন তুমি পাও—এটাই কামনা করি।’ ছবিগুলোতে দেবকে মোবাইলের স্ক্রিনে মিঠুনকে কিছু দেখাতে দেখা যায়, যা দেখে দুই তারকার অনুরাগীরাও মিঠুন চক্রবর্তীর দ্রুত সুস্থতা কামনা করেছেন।