ব্লগার আসাদ নূর ও পারশা © সংগৃহীত
সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর সঙ্গে নিজের বিয়ের বিষয়টি অবশেষে স্বীকার করেছেন আলোচিত ব্লগার আসাদ নূর। মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় নিজের ইউটিউব চ্যানেলে লাইভে এসে এই ঘোষণা দেন তিনি।
লাইভে তিনি বলেন, হ্যাঁ, আমি ও পাশা বিয়ে করেছি। এই সেই পাঞ্জাবি এবং এই সেই বিয়ের শাড়ি। প্রশ্ন হচ্ছে, বিয়েই যদি করলাম, তাহলে এভাবে ঘুরিয়ে-পেঁচিয়ে আপনাদের কাছে বিষয়টি প্রকাশ করলাম কেন?
তিনি বলেন, এই বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যেভাবে আলোচনা-সমালোচনা হচ্ছে, তা আমাদের ধারণার মধ্যেই ছিল। অর্থাৎ, বিষয়টি পরিকল্পিত। আর অবশ্যই ইতিবাচক উদ্দেশ্যেই আমরা এটি করেছি। আমরা ভেবেছিলাম, ব্যতিক্রম কিছু করা যাক, সমাজের কিছু ট্যাবু ভাঙা যাক। সেই উদ্দেশ্য এবং এর সফলতার গল্পই আপনাদের বলব। দেখুন, গত কয়েক দিন ধরে আমাদের যেসব ছবি নিয়ে আপনারা চর্চা করছেন, সেগুলোর মধ্যে অনেক ক্লু ছিল। আমার পাঞ্জাবি, পাশার শাড়ির আঁচল আমার ছবির কাছাকাছি থাকা, ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করা—এমনকি বাংলাদেশের গোয়েন্দারাও! (হাসি) বিষয়টি বেশ মজার ছিল।
আসাদ নূর বলেন, যারা অতি উৎসাহী হয়ে মানুষের বিয়ে ও ব্যক্তিজীবন নিয়ে এত আগ্রহ দেখিয়েছেন, তাদের আগ্রহে একটু নাড়া দেওয়া নিশ্চয়ই অপরাধের কিছু নয়। এই মানুষগুলোর একটি অংশ প্রচণ্ড ধর্মান্ধ ও উগ্র জাতীয়তাবাদী। তাদের মুখের ভাষা ও চিন্তাভাবনা খুবই কুৎসিত। তাঁরা মানুষ কেন, অন্য প্রাণীকেও ছাড়েন না। এই বিড়ালছানাটির নাম লম্বকর্ণ। আমরা আদর করে মন্টু বলি। বাচ্চাটির মা মারা গেছে। আমরা একটি রেস্টুরেন্ট থেকে নামার পর ওকে খুঁজে পাই। বুঝতে পারি, বেশ কিছুদিন ধরে ও না খেয়ে আছে। স্থানীয় লোকজনও বললেন, ওর মা নেই। এরপর ওকে বাড়িতে নিয়ে আসি। ওকে আপনারা আমাদের সন্তানও বলতে পারেন। আমাদের সন্তান বলতে পারসা, আর এই বাচ্চাটিও আমাদের পরিবারের অংশ।
পারসা এই বাচ্চাটির একটি ভিডিও আপলোড করেছিল। সেই ভিডিওর নিচে করা মন্তব্যগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন। আজকে মূলত এই শ্রেণির মানুষদের নিয়েই কথা বলব। আমরা কিছু প্রশ্ন লিখে রেখেছি। বিভিন্ন ক্লু রেখেছি, যেন আপনারা সেগুলো খুঁজে বের করেন। আর খুঁজে বের করার মধ্যেই তো আসল মজা।
তিনি বলেন, আমার মুখ ফুল দিয়ে ঢাকা ছিল—এমন দুটি ছবি আপনারা দেখেছেন। এর কারণ ছিল, আমি যদি মুখ দেখিয়ে ছবি পোস্ট করতাম, তাহলে আগ্রহটা হয়তো এভাবে থাকত না। পারসা বিয়ে করেছে পাশাকে, যিনি বাংলাদেশের খুবই পরিচিত একটি মুখ। কাকে বিয়ে করল, সেটি খুঁজে বের করুন। খুঁজতে খুঁজতে যেন আমাকে পান, সে জন্যই এত আয়োজন। এই ছবিটি আমি তার জন্মদিনে এঁকেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে শুধু চোখের অংশটুকু এঁকেছি, পুরো মুখ আঁকিনি। কারণ, পুরো ছবিটি এঁকে ফেসবুকে আপলোড করলে অনেকেই তাকে চিনে ফেলতেন। ভালোবাসার বহিঃপ্রকাশ মানেই সবকিছু প্রকাশ করে দেওয়া নয়। অনেক কিছু নিজেদের মধ্যে তৃপ্তি নিয়েও করা যায়। আমিও সেভাবেই করেছি।
‘এরপর আপনারা সেই ছবিটি খুঁজে বের করলেন। আমি আবার সেটি হাইড করে দিলাম। বিষয়টি এমন ছিল যে, আপনারা একেকজন শার্লক হোমসের মতো এত তথ্য বের করে ফেলেছেন, আর আমি ব্যাকফুটে চলে গেলাম। নিজেকে বাঁচানোর চেষ্টা করলাম। বোঝানোর চেষ্টা করলাম, না, পারশার সঙ্গে আমার কিছু নেই। ছবি হাইড করলাম, কিছু পোস্টও হাইড করলাম, যেন আপনারা নিশ্চিত হন যে আমাদের মধ্যে কিছু নেই। অথচ আপনারা নিশ্চিত হয়েও নিশ্চিত হতে পারছিলেন না। কারণ, আপনাদের কাছে কোনো প্রমাণ ছিল না। এই যে ছবিগুলো, এর একটিও আপনাদের কাছে ছিল না।
এআই দিয়ে পাশার সঙ্গে কত পুরুষের ছবি বসিয়ে মজা করেছেন কেউ কেউ। আবার কেউ কেউ নিজেদের আফসোস বা হতাশাও ব্যক্ত করেছেন। আপনারা পাশার স্ট্যাটাসগুলো দেখেছেন। ছবিগুলোর নিচের ক্যাপশনগুলোও নিশ্চয়ই খেয়াল করেছেন। সেখানে পুরুষতন্ত্রের যে ট্যাবু রয়েছে, সেটিকে শক্তভাবে লাথি মারা হয়েছে।’
বিয়ের ক্ষেত্রে আমরা বিশেষ করে বাংলাদেশে দেখি, নারীদের গোপন রাখা হয়, বস্তাবন্দী করে রাখা হয়। যেন সব ক্ষেত্রেই নারীদের লুকিয়ে রাখতে হবে। আমরা এখানে একটি রোল প্লে করেছি। আমি নিজেকে আড়ালে রেখেছি। অনেকে বলেছেন, একজন লোক সারাজীবন পর্দার বিরুদ্ধে কথা বলে এসে নিজেই পর্দা করেছেন। কিন্তু আমি তো কোনো অপরিচিত লোক নই। সুতরাং নিজেকে লুকানোর কোনো মানে নেই। বিয়ের বিষয়টি যদি গোপনই রাখব, তাহলে বিয়ের ছবি দিতে গেলাম কেন? আচ্ছা, বলুন তো, আমরা কোথায় কোথায় যাচ্ছি, সেসবের স্ট্যাটাস দিচ্ছি। বিয়ে করছি, সেটিও জানিয়ে দিলাম। তাহলে বিষয়টি গোপন রাখলে আপনাদের পক্ষে জানা সম্ভব হতো?
আমরা দুজন দুই মেরুর মানুষ। পাশা ও আমার কাজের ধরন, কাজের স্থান সবকিছুই ভিন্ন। কেউ বললেও হয়তো কেউ বিশ্বাস করতেন না যে, আকাশ-পাতাল পার্থক্য থাকা এই দুই মেরুর মানুষের মধ্যে মিল হতে পারে না। কিন্তু মনের মিল থাকলে দেশ, ভাষা, বর্ণ কিংবা পেশা কোনো কিছুই আসলে বাধা হয়ে দাঁড়ায় না। আমাদের কাজ ছিল ট্যাবু ভাঙা। আমরা সেই কাজে সফল হয়েছি।
আমাদের ঘৃণা করতে গিয়ে, হুমকি-ধমকি দিতে গিয়ে সারা বাংলাদেশে যেভাবে বিষয়টি আলোচিত হয়েছে, তা আপনারা দেখেছেন। পাশাকে অশালীন ও অকথ্য ভাষায় গালাগালি করতে গিয়ে ছবির স্ক্রিনশট নিয়ে যেভাবে প্রচার করেছেন, আমাদের নিয়ে গোয়েন্দাগিরি করতে গিয়ে জামার রং, দেয়ালের রংসহ কত কিছু মিলিয়ে যেভাবে বিষয়টি ছড়িয়ে দিয়েছেন, তাতে আসলে পুরুষতান্ত্রিক মানসিকতার মানুষগুলোর গালে খুব শক্ত একটা থাপ্পড় পড়েছে।
শেষে তিনি বলেন, আমাদের কথাগুলো আপনারাই সবার মধ্যে ছড়িয়ে দিয়েছেন। বলুন তো, এটা কি সম্ভব হতো? কত কোটি টাকা ব্যয় করলে একটি বিয়ের এত প্রচারণা করা সম্ভব হতো? আপনারা নিজেরাই আমাদের জন্য কী সুন্দর প্রচারণা করে দিয়েছেন! আমাদের সন্তানদের এই ঘটনা দেখাতে পারব। বলতে পারব, বাংলাদেশে আমাদের দেখা বিয়েগুলোর মধ্যে যেগুলো নিয়ে আলোচনা ও বিতর্ক হয়েছে, আমার মনে হয়, সবকিছুকে ছাড়িয়ে গেছে এই ঘটনাটি।