অভিনয়ে আসছেন মিথিলার স্বামী

০৯ মার্চ ২০২৬, ০৯:০৬ AM
মিথিলা

মিথিলা © টিডিসি সম্পাদিত

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার স্বামী, কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি এবার অভিনয়ে আসছেন। নতুন একটি ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

সিরিজটি প্রযোজনা করছেন কলকাতার অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। এটি তার প্রথম প্রযোজনা, যার নাম ‘তারকাটা’। সিরিজটি নির্মিত হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ-এর জন্য। আনন্দবাজার ডট কমের সঙ্গে আলাপে বিক্রম বলেন, ‘সৃজিতদা এত দিন নিজের ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন। এই সিরিজ়ে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রাভিনেতা।’

বিক্রম আরও একটি চমকের কথাও জানিয়েছেন। ‘ইন্ডিয়ান আইডল’-খ্যাত অভিনেতা ও গায়ক ময়াং চ্যাং এই সিরিজে খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন। নতুন প্রযোজক বলেন, ‘চ্যাং আমার সিরিজ়ের খলনায়ক। গাইবেন কি না জানি না। তবে ভাঙা বাংলা বলবেন।’

সিরিজে অভিনয়ের পাশাপাশি প্রযোজক বিক্রম নিজেও অভিনয় করবেন। গল্পে দেখা যাবে, এক প্রাক্তন পুলিশ কর্মকর্তা একটি খুনের তদন্তে ফের যুক্ত হন। সেই তদন্ত তার অতীতের সঙ্গে জড়িত কি না—এই রহস্যকে কেন্দ্র করেই এগোবে কাহিনি। এই প্রাক্তন পুলিশ কর্মকর্তার চরিত্রেই অভিনয় করছেন বিক্রম। ইতোমধ্যে সিরিজটির শুটিং শুরু হয়েছে। কলকাতা ও টাকিতে এর দৃশ্যধারণ চলবে। সিরিজে আরও অভিনয় করবেন দেবেশ রায়চৌধুরী, প্রিয়াঙ্কা সরকার, সুস্মিতা রায়, সত্যম ভট্টাচার্য ও আয়ুশ দাস। সিরিজটি পরিচালনা করছেন ‘বেলাইন’খ্যাত নির্মাতা শমীক রায়চৌধুরী।

প্রযোজনায় আসার কারণ জানিয়ে বিক্রম বলেন, ‘নিজের পেশাজীবনে উন্নতি করতে, নিজের মনের মতো ছবি বানাতে যাতে পারি, তাই বাকি অনেক অভিনেতার মতো আমিও প্রযোজনায় এলাম।’ তার ভাষায়, প্রথম কাজ নিয়ে তিনি অনেক স্বপ্ন দেখছেন এবং এমন ছবি বানাতে চান যা বাংলা ছবির ভিত্তিকে আরও শক্ত করবে।

উল্লেখ্য, বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও সৃজিত মুখার্জি ২০১৯ সালের ৬ ডিসেম্বর কলকাতার লেক গার্ডেনসে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে। মিথিলার আগের বিয়ে হয়েছিল জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান-এর সঙ্গে ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। তাদের একমাত্র কন্যা আইরা বর্তমানে মায়ের সঙ্গেই থাকে।

বিয়ের পর মিথিলা কিছু সময় পশ্চিমবঙ্গে থাকলেও পরে মেয়েকে নিয়ে বাংলাদেশে স্থায়ী হন এবং আইরাকে দেশে স্কুলে ভর্তি করান। বর্তমানে তিনি মায়ের পরিবারের সঙ্গে থাকছেন। এদিকে সৃজিত ও মিথিলার দাম্পত্য জীবন নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি তাদের বিচ্ছেদের খবরও বিভিন্ন সময় আলোচনায় এসেছে। এমনকি গত ২৩ সেপ্টেম্বর সৃজিতের জন্মদিনেও তার পাশে মিথিলাকে দেখা যায়নি, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬