যুক্তরাজ্যের মার্কিন ঘাঁটির কাছে গ্রেপ্তার ৫, ট্রাম্প বললেন ‘বড় ক্ষতি’ করতে চেয়েছিল

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ AM
  হামলার আশঙ্কায় ৫ জন গ্রেপ্তার ও ট্রাম্প

হামলার আশঙ্কায় ৫ জন গ্রেপ্তার ও ট্রাম্প © সংগৃহীত

যুক্তরাজ্যের একটি মার্কিন বিমানঘাঁটির কাছে বিস্ফোরক ও সন্ত্রাসবাদ-সংক্রান্ত অপরাধের সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। তিনটি ভ্যানকে বিমানঘাঁটির দিকে যেতে দেখা গেছে—এমন খবর পাওয়ার পর রোববার (২৭ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রেপ্তার ব্যক্তিরা ‘বড় ধরনের ক্ষতি’ করতে চেয়েছিল।

ইংল্যান্ডের পশ্চিমাঞ্চলে অবস্থিত আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিটি ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে। ব্রিটিশ সন্ত্রাসবিরোধী পুলিশ ঘটনাটির তদন্ত করছে। পুলিশ জানিয়েছে, পাঁচজনকে সশস্ত্র কর্মকর্তারা গ্রেপ্তার করার পর সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে তাদের আটক রাখা হয়েছে।

তদন্তে নেতৃত্ব দেওয়া সন্ত্রাসবিরোধী পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার ভোরে পুলিশ আরএএফ ফেয়ারফোর্ডের দিকে যাওয়া তিনটি সন্দেহজনক যানবাহনের বিষয়ে একটি ফোনকল পায়।

ঘটনাটি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে করছে পুলিশ। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং তাদের উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট কোনো উদ্দেশ্যকে সবচেয়ে সম্ভাব্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি রাশিয়ার কোনো নাশকতামূলক অভিযান কিংবা ইসলামপন্থী কোনো ষড়যন্ত্রের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এগুলোর কোনোটিই এখনো ব্রিটিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।

সন্ত্রাসবিরোধী পুলিশের জ্যেষ্ঠ জাতীয় সমন্বয়ক ভিকি ইভান্স এক বিবৃতিতে বলেন, ‘আমরা তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছি এবং পাঁচজন এখনো হেফাজতে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আপনারা যেমনটা আশা করবেন, ঘটনার পরিস্থিতি বোঝার জন্য আমরা আমাদের অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।’

পুলিশ জানিয়েছে, বিমানঘাঁটির চারপাশে ৪০০ মিটার এলাকাজুড়ে নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেখানে ভ্যানগুলো পরীক্ষা করছে। কাছের একটি গ্রামের ৮৫টি বাড়ির বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে সশস্ত্র পুলিশ সদস্যরাও টহল দিচ্ছেন।

ব্রিটিশ সরকার যুক্তরাষ্ট্রকে ফেয়ারফোর্ডে থাকা বোমারু বিমান ব্যবহার করে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলার অনুমতি দিয়েছে। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজে হামলা করা হচ্ছিল বলে ব্রিটিশ সরকারের ভাষ্য। ঘটনার বিষয়ে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে নিয়মিত জানানো হচ্ছে।

বার্নহ্যাম পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়ে এক্সে বলেন, ‘আমি জানি, আরএএফ ফেয়ারফোর্ডের কাছে আজকের ঘটনা স্থানীয় বাসিন্দাদের জন্য এবং সারা দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা অনেক মানুষের জন্য গভীরভাবে উদ্বেগের।’

ইরানের রেভল্যুশনারি গার্ডস ফেয়ারফোর্ড থেকে মার্কিন বোমারু বিমান উড্ডয়নের অনুমতি না দিতে যুক্তরাজ্যকে সতর্ক করার পর গত জুলাইয়ে ব্রিটেন জানিয়েছিল, যেকোনো হামলা থেকে দেশকে রক্ষায় তাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। ইরান তখন বলেছিল, যেসব ঘাঁটি থেকে হামলা চালানো হবে, সেগুলো বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।

গ্রেপ্তারের বিষয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাজ্যে গ্রেপ্তারের ঘটনাটি দারুণ হয়েছে।’ তিনি এটিকে ‘অসাধারণ কাজ’ বলেও উল্লেখ করেন।

ট্রাম্প আরও বলেন, ‘আমরা তাদের ওপর তদন্ত চালাচ্ছিলাম। তারা আমাদের ঘাঁটিতে বড় ধরনের ক্ষতি করতে চেয়েছিল এবং ব্রিটিশদের সঙ্গে কাজ করায় বিষয়টি দারুণভাবে সফল হয়েছে ... আমরা তাদের দীর্ঘদিন ধরে নজরদারিতে রেখেছিলাম এবং শেষ পর্যন্ত তাদের ধরে ফেলেছি।’

রোববার সকালে সশস্ত্র পুলিশ সদস্যরা বিমানঘাঁটির প্রবেশপথ বন্ধ করে দেন। বড় যন্ত্রপাতি ব্যবহার করেও সেখানে প্রবেশ বন্ধ রাখা হয়। রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ব্যবহার করে এমন অন্য কয়েকটি বিমানঘাঁটিতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। পূর্ব ইংল্যান্ডের আরএএফ লেকেনহিথ ও আরএএফ মিলডেনহলের প্রবেশপথে সাঁজোয়া যান ও সেনাসদস্যদের দেখা গেছে।

স্থানীয় এক কৃষক জানিয়েছেন, একটি পার্টি থেকে গাড়িতে করে বাড়ি ফেরার সময় তিনি তিনটি ভ্যান ও কয়েকজন ব্যক্তির সন্দেহজনক কর্মকাণ্ড দেখতে পান। এরপর তিনি পুলিশকে খবর দেন।

ওই নারী ডেইলি টেলিগ্রাফকে বলেন, ‘আমি দেখলাম, মধ্যপ্রাচ্যের মতো দেখতে একদল তরুণ গাছের মধ্য দিয়ে দৌড়ে পালাচ্ছে। তাদের কয়েকজনের মুখে মাস্ক বা বালাক্লাভা ছিল। আমরা যখন সেখান দিয়ে গাড়ি নিয়ে ফিরছিলাম, তখন তারা সবাই ছড়িয়ে পড়ে।’

তিনি আরও বলেন, ‘তাদের কয়েকজন মাঠের দিকে দৌড়ায়, আর কয়েকজন বিমানঘাঁটির দিকে দৌড় দেয় ... নিরাপত্তাবেষ্টিত একটি বিমানঘাঁটির কাছে রাত দেড়টার দিকে গ্রামাঞ্চলে মুখোশ পরা লোকজনকে দৌড়াতে দেখা—এমন ঘটনায় উদ্বিগ্ন না হয়ে থাকা যায় না।’

স্থানীয় কাউন্সিলর ট্রিস্টান উইলকিনসন রয়টার্সকে বলেন, ফেয়ারফোর্ডে সম্প্রতি একটি নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছিল এবং এরপর থেকে ওই এলাকায় নজরদারি বাড়ানো হয়।

তিনি বলেন, ‘প্রায় ছয় সপ্তাহ আগে এই ঘাঁটি নিয়ে ইরানিদের কাছ থেকে একটি নির্দিষ্ট হুমকি ছিল। তখন ওই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছিল।’

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর এক মুখপাত্র ঘাঁটির নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া নির্দিষ্ট ব্যবস্থা নিয়ে মন্তব্য করতে রাজি হননি।

তবে তিনি বলেন, ‘৫০১তম কমব্যাট সাপোর্ট উইং এবং যুক্তরাজ্যে অবস্থানরত আমাদের সহযোগী উইংগুলো সতর্ক রয়েছে। আমাদের মার্কিন সামরিক সদস্য, বেসামরিক কর্মী, ঠিকাদার এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা, ৪ ঘণ্টা পর মিলল ছ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হাত মেলায়নি আয়ারল্যান্ড, ১২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড ইসরায়েল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রোনালদো বেঞ্চে বসিয়ে দিল পর্তুগাল, হারাল হলান্ডের নরওয়েকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ববিতে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুক্তিযোদ্ধা প্রজ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাজ্যের মার্কিন ঘাঁটির কাছে গ্রেপ্তার ৫, ট্রাম্প বললেন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬