বড় আকারের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানীটি © সংগৃহীত
মার্কিন শুল্কনীতি এবং চীনা প্রতিদ্বন্দ্বীদের তীব্র প্রতিযোগিতার মুখে ব্যাপক ব্যয় সংকোচন পরিকল্পনার অংশ হিসেবে এ দশকের শেষের মধ্যে ১ লাখ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত অনুমোদন করেছে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগন। বৈশ্বিক অটোমোবাইল খাতের ইতিহাসে একক কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটিই সবচেয়ে বড় পুনর্গঠন প্রক্রিয়া। খবর গার্ডিয়ান
প্রতিবেদন অনুযায়ী, পূর্বে ঘোষিত ৫০ হাজার কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি নতুন করে আরও ৫০ হাজার পদ বিলুপ্ত করতে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শ্রমিক ইউনিয়ন। এর ফলে বিশ্বজুড়ে অডি, পোরশে, ল্যাম্বরগিনি ও স্কোডাসহ ১০টি জনপ্রিয় ব্র্যান্ড সম্বলিত এই গ্রুপের মোট ৬ লাখ ৫০ হাজার কর্মীবাহিনীর প্রায় ১৫ শতাংশ চাকরি হারাবেন।
ভক্সওয়াগনের প্রধান নির্বাহী (সিইও) অলিভার ব্লুম জানিয়েছেন, অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সংগতি রেখে কর্মীর সংখ্যা হ্রাস করা অপরিহার্য হয়ে পড়েছিল। এই পুনর্গঠন পরিকল্পনার আওতায় ভক্সওয়াগন গ্রুপের উৎপাদিত বিভিন্ন গাড়ির মডেল সংখ্যা কমিয়ে ৫০ শতাংশে নামিয়ে আনা হবে।
এছাড়া আগামী আট বছরের মধ্যে জার্মানির হ্যানোভার, এমডেন, জভিকাউ এবং নেকারসুলমে অবস্থিত চারটি কারখানা বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। মূলত যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক, ইউরোপে বৈদ্যুতিক গাড়ির ধীরগতির চাহিদা এবং চীনের বাজারে দেশীয় ব্র্যান্ডগুলোর দাপটে প্রতিষ্ঠানটি ক্রমাগত বিক্রয় ও মুনাফায় ধসের মুখে পড়ায় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।