প্রতিকী ছবি © সংগৃহীত
ভারতের ভিসার ধরন ও আবেদনপত্রে বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন নিয়মে ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে ২৩টি করা হয়েছে। একই সঙ্গে আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যের ঘর প্রায় ৭০ শতাংশ কমানো হয়েছে। নতুন এ কাঠামোয় ভিসার আবেদনপ্রক্রিয়া সহজ করার পাশাপাশি আবেদনকারীদের জন্য উপযুক্ত ভিসা নির্বাচনও সহজ হবে বলে জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। নতুন কাঠামোয় ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ—এই নয় শ্রেণিতে ভিসা দেওয়া হবে।
গত ২৭ আগস্ট ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিসার শ্রেণি কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিল। বুধবার আনুষ্ঠানিকভাবে নতুন কাঠামোর ঘোষণা দেওয়া হয়। এর আগে ২০২৫ সালের অক্টোবরে ভিসার প্রধান শ্রেণি ২২টি থেকে কমিয়ে ১৩টি এবং উপশ্রেণি ৬৩টি থেকে ৪৯টি করা হয়েছিল।
ভিজিটর ও চিকিৎসা ভিসায় সুবিধা
নতুন নিয়মে আগের ট্যুরিস্ট ভিসার নাম পরিবর্তন করে ভিজিটর ভিসা করা হয়েছে। এ শ্রেণিতে ভি-১ ও ভি-২—দুই ধরনের ভিসা থাকবে। ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন। এ ভিসায় একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। পর্যটন, ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, স্বাস্থ্যসেবামূলক অবকাশ, স্বল্পমেয়াদি চিকিৎসা ও ট্রানজিটের জন্য এ ভিসা ব্যবহার করা যাবে। এ ছাড়া ভারতীয় ভাষা, সংগীত, শিল্পকলা ও কারুশিল্পের স্বল্পমেয়াদি কোর্সে অংশ নেওয়ার সুযোগও থাকবে।
আবেদনকারীর যোগ্যতা অনুযায়ী ভি-২ ভিসার মেয়াদ হবে এক, পাঁচ অথবা ১০ বছর। এ ভিসায় ভি-১-এর আওতাভুক্ত কার্যক্রমের পাশাপাশি পর্বতারোহণের সুযোগ থাকবে। পর্বতারোহণের জন্য আলাদাভাবে ছয় মাস মেয়াদি একাধিকবার প্রবেশের ভিসাও দেওয়া হবে। চিকিৎসা ভিসায় আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য এম-৩ এবং অন্যান্য চিকিৎসার জন্য এম-১ শ্রেণি রাখা হয়েছে। উভয় ভিসার মেয়াদ সাধারণত এক বছর। এ ভিসায় একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে।
চিকিৎসা নিতে যাওয়া ব্যক্তির সহকারীদের জন্যও আলাদা ভিসার ব্যবস্থা রাখা হয়েছে। এম-১ ভিসাধারীদের সহকারীরা এম-২ এবং এম-৩ ভিসাধারীদের সহকারীরা এম-৪ ভিসা পাবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘হিল ইন ইন্ডিয়া’ ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে চিকিৎসাসেবাভিত্তিক পর্যটন উৎসাহিত করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শিক্ষার্থী ও ব্যবসায়িক ভিসায় পরিবর্তন
শিক্ষার্থী ভিসাকে এস-১ ও এস-২—দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। এস-১ ভিসার আওতায় স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ থাকবে। অন্যদিকে এস-২ ভিসার আওতায় পিএইচডি, গবেষণা, ভিজিটিং শিক্ষকতা, ইন্টার্নশিপ ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে।
‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ই-এস১ ভিসা পাবেন। এ ভিসার মেয়াদ হবে সর্বোচ্চ পাঁচ বছর অথবা সংশ্লিষ্ট কোর্সের মেয়াদ পর্যন্ত—যেটি কম। এতে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। এ ছাড়া যোগব্যায়াম, ভারতীয় সংগীত ও নৃত্য, বৈদিক সংস্কৃতি এবং বৌদ্ধধর্মবিষয়ক পড়াশোনাও শিক্ষার্থী ভিসার আওতায় থাকবে।
ব্যবসায়িক ভিসাকে বি-১ ও বি-২—দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। ভারতে ব্যবসায়িক উদ্যোগ প্রতিষ্ঠা ও দীর্ঘমেয়াদি কার্যক্রম পরিচালনার জন্য বি-১ ভিসা দেওয়া হবে। অন্যদিকে স্বল্পমেয়াদি চুক্তিভিত্তিক কাজ, সম্মেলন, খেলাধুলা, মঞ্চ পরিবেশনা ও চলচ্চিত্রসংশ্লিষ্ট কাজের জন্য দেওয়া হবে বি-২ ভিসা।
ভারতীয় কোম্পানিতে যন্ত্রপাতি স্থাপন, রক্ষণাবেক্ষণ, মান যাচাই, উৎপাদন, তথ্যপ্রযুক্তি সহায়তা, কর্মীদের প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তরের কাজে যুক্ত বিদেশি কারিগরি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও দক্ষ পেশাজীবীদের জন্যও নতুন সুবিধা রাখা হয়েছে। তাঁরা ই-ভিসার মাধ্যমে বি-২ শ্রেণির ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’ পাবেন। আগে এ ধরনের ভিসা ই-বি৪ শ্রেণিতে দেওয়া হতো।
কূটনীতিক, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের জন্য আলাদা ভিসা
নতুন কাঠামোয় কূটনীতিক, জাতিসংঘের কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য কূটনৈতিক ভিসা রাখা হয়েছে। স্বীকৃত সাংবাদিকদের জন্য থাকবে সাংবাদিক ভিসা। ভারতের কোম্পানি, বেসরকারি সংস্থা ও ধর্মীয় প্রচারমূলক কাজে যুক্ত প্রতিষ্ঠানে কর্মরত বিদেশিরা পাবেন কর্মসংস্থান ভিসা।
জাতিসংঘের কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যসহ অ-কূটনৈতিক সরকারি কর্মকর্তাদের জন্য সরকারি ভিসার ব্যবস্থা রাখা হয়েছে। অন্যদিকে ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, তাঁদের স্বামী বা স্ত্রী ও সন্তান, বিদেশি নাগরিকদের পরিবারের সদস্য এবং নির্দিষ্ট উদ্দেশ্যে ভারতে ভ্রমণকারীরা বিবিধ ভিসার আওতায় পড়বেন।
বর্তমানে ১৭২টি দেশের নাগরিকদের ১৩টি উপশ্রেণিতে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে ই-ভিসা দেওয়া হয় বলে জানিয়েছে দ্য স্টেটসম্যান।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উন্নত দেশগুলোর ভিসাব্যবস্থা ও আন্তর্জাতিক মান পর্যালোচনা করে এ পরিবর্তন আনা হয়েছে। একই ধরনের ভ্রমণের উদ্দেশ্যগুলোকে একটি শ্রেণির আওতায় আনার ফলে আবেদনকারীরা সহজে তাঁদের প্রয়োজন অনুযায়ী ভিসা নির্বাচন করতে পারবেন।
নতুন কাঠামো চালুর জন্য ভারতের তথ্যপ্রযুক্তি ব্যবস্থাও হালনাগাদ করা হচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ নতুন নিয়মে ভিসা দেওয়া শুরু হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।