ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা। © সংগৃহীত
শিক্ষাগত যোগ্যতা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক ও অভিশংসনের উদ্যোগের মধ্যে পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো তার পদত্যাগপত্র গ্রহণ করেন। তবে জিবরান দাবি করেছেন, শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের কারণে নয়, ব্যক্তিগত সিদ্ধান্তেই তিনি পদত্যাগ করেছেন।
এদিকে জিবরানের পদত্যাগের পর প্রেসিডেন্ট প্রাবোওর প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তার বাবা ও ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদো। এতে প্রাবোও ও জোকোর মধ্যে তৈরি হওয়া রাজনৈতিক দূরত্ব কমার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকেরা।
বৃহস্পতিবার জাকার্তার মারদেকা প্রাসাদে জিবরান ও পার্লামেন্ট সদস্যদের পাশে নিয়ে এক বক্তব্যে প্রাবোও বলেন, ভারাক্রান্ত হৃদয়ে তিনি তার ডেপুটির পদত্যাগ গ্রহণ করেছেন। সরকারের কাজে জিবরানের অবদানের প্রশংসা করে তিনি বলেন, ‘আমি তার সহযোগিতা পেয়েছি। সে তার দায়িত্ব ভালোভাবে পালন করেছে।’ বক্তব্যের পর জিবরান প্রাবোওকে সম্মান জানিয়ে মাথা নত করেন এবং তাকে আলিঙ্গন করেন।
পরে বৃহস্পতিবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় জিবরান প্রেসিডেন্ট প্রাবোওর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, পদত্যাগের সিদ্ধান্ত একান্তই তার ব্যক্তিগত। শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের কারণে তিনি পদত্যাগ করেননি। তার দাবি, শিক্ষাসংক্রান্ত সব নথিপত্র সম্পূর্ণ রয়েছে।
জিবরান বলেন, ‘পদত্যাগের এই সিদ্ধান্ত অক্ষমতার ঘোষণা নয়। বরং সরকারের আরও এগিয়ে যাওয়ার সক্ষমতা অক্ষুণ্ন রাখতে আমাকে এই বড় পদক্ষেপ নিতে হয়েছে।’ তিনি আরও বলেন, ‘গণতন্ত্রকে আরও ভালোভাবে পরিচালনা করা প্রয়োজন।’
৩৯ বছর বয়সী জিবরান ২০২৪ সালের নির্বাচনে প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর ছেলে। ওই নির্বাচনে জিবরানকে প্রার্থী হওয়ার সুযোগ দিতে আদালতের মাধ্যমে নির্বাচনী নিয়ম পরিবর্তনে জোকোর হস্তক্ষেপের অভিযোগ উঠেছিল।
জিবরানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল। সম্প্রতি দেশটির সাংবিধানিক আদালত ও সুপ্রিম কোর্টের পৃথক রায়ে বলা হয়, বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নেওয়া তার উচ্চমাধ্যমিক পর্যায়ের সনদ ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার আইনি শর্ত পূরণ করে না। অথচ নির্বাচনী কর্তৃপক্ষ ভুলভাবে ওই সনদ গ্রহণ করেছিল বলে আদালতের পর্যবেক্ষণে উঠে আসে।
এরপর তার বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ নেন আইনপ্রণেতারা। জিবরানের পদত্যাগের আগে বিভিন্ন রাজনৈতিক দলের ১২০ জন আইনপ্রণেতা অভিশংসন প্রক্রিয়া শুরুর প্রস্তাবে স্বাক্ষর করেছিলেন।
জিবরানের পদত্যাগের পরবর্তী পদক্ষেপ নির্ধারণে পার্লামেন্টের উচ্চকক্ষের নেতারা বৈঠক করবেন বলে জানিয়েছেন উচ্চকক্ষের স্পিকার আহমাদ মুজানি। দেশটির জ্যেষ্ঠ আইনমন্ত্রী ইউস্রিল ইহজা মাহেন্দ্রা জানান, পদত্যাগের পর উচ্চকক্ষকে অধিবেশন ডেকে ভাইস প্রেসিডেন্টের পদ শূন্য ঘোষণা করতে হবে। এরপর নতুন দুই প্রার্থীর নাম চেয়ে প্রেসিডেন্টের কাছে চিঠি পাঠানো হবে। পরবর্তী ৬০ দিনের মধ্যে উচ্চকক্ষে নির্বাচন অনুষ্ঠিত হবে।
জিবরানের পদত্যাগের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন প্রাবোও ও জোকো উইদোদোর মধ্যে রাজনৈতিক দূরত্ব বাড়ছিল। বিশ্লেষকদের মতে, দুই নেতার মধ্যে বিরোধ দেশটির সরকারকে আরও অস্থিতিশীল করে তুলতে পারত। তবে জিবরানের পদত্যাগের পর জোকোর সমর্থনের ঘোষণা পরিস্থিতি কিছুটা সহজ করতে পারে।
বৃহস্পতিবার মধ্য জাভার সোলো শহরে নিজের বাড়ির সামনে সাংবাদিকদের জোকো বলেন, ‘আমরা প্রেসিডেন্ট প্রাবোওর সরকারকে সমর্থন দিয়ে যাব, বিশেষ করে সাধারণ মানুষের স্বার্থে নেওয়া কর্মসূচিগুলোতে আমাদের সমর্থন থাকবে।’
অন্যদিকে, রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতেও। বৃহস্পতিবার মার্কিন ডলারের বিপরীতে ইন্দোনেশিয়ার মুদ্রা রুপিয়ার দর ০.৬ শতাংশ পর্যন্ত কমে প্রতি ডলারে ১৮ হাজার ২৫৫-এ নেমে আসে, যা দেশটির মুদ্রার ইতিহাসে সর্বনিম্ন দর।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাবোও সরকারের গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়ে বিতর্ক এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতি পরিচালনায় সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্নের কারণে বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে।
এ ছাড়া গত সপ্তাহে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধভাবে আড়িপাতার অভিযোগের তদন্তের বিষয়টি সামনে আসে। এর মধ্যে সাবেক পুলিশপ্রধান লিস্তিও সিগিত প্রাবোওর নামও রয়েছে, যাকে জোকোর ঘনিষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়।
বৃহস্পতিবার পুলিশ জানায়, প্রেসিডেন্ট প্রাবোও, রাজনীতিবিদ, অধিকারকর্মী ও সাংবাদিকদের ফোনে আড়িপাতার অভিযোগে চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনার মতো প্রাথমিক প্রমাণ তাদের হাতে রয়েছে। শুনানিতে আইনপ্রণেতারা পুলিশপ্রধান সুয়ুদি আরিও সেতোকে এ ঘটনায় সাবেক পুলিশপ্রধান লিস্তিওকে কে নির্দেশ দিয়েছিলেন এবং এর পেছনে কোনো রাজনৈতিক স্বার্থ ছিল কি না, তা খুঁজে বের করার আহ্বান জানান।
সূত্র: রয়টার্স।