জাতীয় সংসদ
সংসদ অধিবেশনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। © সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ও ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ শনাক্ত করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। এ ছাড়া অপপ্রচার ও অপতথ্য ছড়ানোর অভিযোগে ১৯টি ওয়েবসাইট, ৮০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টির বেশি এক্স অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য শিরীন সুলতানার এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ তথ্য জানান। তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থের অনুপস্থিতিতে তিনি প্রশ্নের উত্তর দেন।
প্রতিমন্ত্রী জানান, অপপ্রচার, কুৎসা ও বিভ্রান্তিমূলক সংবাদ মোকাবিলায় বাংলাফ্যাক্ট এ পর্যন্ত ১ হাজার ১৭২টি ফ্যাক্ট চেক, বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদন এবং ভিডিও বা রিল প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকাশ করা হয়েছে ৫৫২টি।
তিনি জানান, বর্তমানে প্রতিদিন তিন থেকে পাঁচটি দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন, রিল ও ভিডিও প্রকাশ করছে প্রতিষ্ঠানটি। সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের সুবিধার্থে শিগগিরই একটি ‘ফ্যাক্ট চেক ম্যানুয়াল’ প্রকাশ করা হবে।
এ ছাড়া জনসচেতনতা বাড়াতে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ফিচার ও সচেতনতামূলক বার্তা প্রকাশ করা হচ্ছে। তথ্য অধিদপ্তরের ফেসবুক পেজের পাশাপাশি জাতীয় দৈনিক পত্রিকায়ও এসব বার্তা নিয়মিত প্রকাশ করা হচ্ছে।
সাংবাদিকদের প্রশিক্ষণের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) দেশের ৬৪ জেলায় ৯৭টি প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে। এতে অংশ নেন ৪ হাজার ৯৫ জন সাংবাদিক। চলতি ২০২৬-২৭ অর্থবছরে ২২টি প্রশিক্ষণ ও কর্মশালায় ৭১৬ জন সাংবাদিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তিন দিনব্যাপী ৪৪টি প্রশিক্ষণে অংশ নিয়েছেন ১ হাজার ৬৯১ জন সাংবাদিক। প্রতিটি প্রশিক্ষণে মাল্টিমিডিয়া সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেক বিষয়ে বিশেষ সেশন রাখা হচ্ছে।
পাশাপাশি গুজব মোকাবিলা, বিদ্বেষমূলক প্রচার বা হেটস্পিচ শনাক্ত করার কৌশল এবং সাংবাদিকতায় এআই ব্যবহারের বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় সাংবাদিকদের জন্য এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।