‘২০০% শুল্ক ও ১১টি যুদ্ধবিমান ধ্বংস’: ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি

২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ AM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

২০২৫ সালের ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার সময় নিজের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছে বলে আবারও চাঞ্চল্যকর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে ‘বোর্ড অব পিস’ অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে তিনি দাবি করেন, দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশকে লড়াই বন্ধ করতে বাধ্য করতে তিনি ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন এবং ওই সংঘাতের সময় ১১টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। 

তবে ভারত শুরু থেকেই ট্রাম্পের এই মধ্যস্থতার দাবি এবং যুদ্ধবিমান হারানোর বিষয়টি কঠোরভাবে অস্বীকার করে আসছে। ভারতের মতে, দুই দেশের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস দের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমেই গত বছরের মে মাসে সীমান্তে শান্তি ফিরে এসেছিল।

অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপস্থিতিতে ট্রাম্প তাঁর কথিত মধ্যস্থতা কৌশলের বর্ণনা দিয়ে এক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করেন। শরিফকে দাঁড়ানোর অনুরোধ জানিয়ে ট্রাম্প বলেন, ‘পাকিস্তান এবং ভারত—এটি ছিল অনেক বড় বিষয়। আমার মনে হয় আপনার (শরিফ) একটু দাঁড়ানো উচিত। আসুন, দয়া করে এক সেকেন্ডের জন্য দাঁড়ান। ধন্যবাদ।’ ট্রাম্প আরও দাবি করেন যে, শাহবাজ শরিফ নাকি স্বীকার করেছেন যে মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপের কারণে আড়াই কোটি মানুষের জীবন রক্ষা পেয়েছে। শরিফের দিকে তাকিয়ে তিনি বলেন, ‘আপনি এই কথাটি বলেছিলেন। আমি বলেছি আড়াই কোটি জীবন, আসলে এটি আরও অনেক বেশি হতে পারত। বিষয়টি সত্যিই দারুণ ছিল। তখন যুদ্ধ চলছিল, যুদ্ধবিমান ভূপাতিত করা হচ্ছিল। ভারত ও পাকিস্তানের মধ্যে লড়াই চলছিল।’

নিজের বাণিজ্য নীতিকে চাপের মুখে শান্তি ফেরানোর হাতিয়ার হিসেবে ব্যবহারের বর্ণনা দিয়ে ট্রাম্প বলেন, ‘আমি তাদের দুজনকে (মোদি ও শরিফ) ফোন করেছিলাম। আমি তাদের একটু চিনতাম। প্রধানমন্ত্রী মোদিকে আমি খুব ভালো করেই জানি। আমি তাদের বললাম, শোন—তোমরা যদি এর সমাধান না করো, তবে আমি তোমাদের সাথে কোনো বাণিজ্যিক চুক্তি করব না।’ 

তিনি আরও যোগ করেন, ‘আমি বলেছিলাম, তোমরা যদি যুদ্ধ করো তবে আমি তোমাদের প্রত্যেকের দেশের ওপর ২০০ শতাংশ শুল্ক বসিয়ে দেব। তারা দুজনেই লড়তে চেয়েছিল। কিন্তু যখনই টাকার কথা আসলো, তখন টাকার চেয়ে বড় কিছু আর থাকলো না। অনেক টাকা হারানোর ভয় আসতেই তারা বলল, আমার মনে হয় আমরা আর যুদ্ধ করতে চাই না। ওই সময় ১১টি দামী যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছিল।’

উল্লেখ্য, গত বছরের ১০ মে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা আসার পর থেকে ট্রাম্প এখন পর্যন্ত অন্তত ৮০ বার এই কৃতিত্ব নিজের বলে দাবি করেছেন। যদিও এর আগে তিনি সাতটি যুদ্ধবিমান ধ্বংসের কথা বললেও এবার সেই সংখ্যা বাড়িয়ে ১১টি বলেছেন। 

গত বছরের ২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহতের জেরে ভারত ৭ মে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ‘অপারেশন সিন্দুর’ পরিচালনা করেছিল। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার প্রথম বছরেই আটটি যুদ্ধ থামিয়েছেন বলে দাবি করা ট্রাম্পের এই নতুন বক্তব্য দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে আবারও আলোচনার জন্ম দিয়েছে।

অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস,…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির সূর্য সেন হলকে জিন্নাহর নামে ফেরানোর দাবি নবাব সলিমুল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে পানি শোধনাগার চালু, স্বস্তিতে সুন্দরগঞ্জ পৌরবাসী
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে নতু…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল সীলগালা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় একাধিক তারিখ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now