হজের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৮ AM
 পবিত্র কাবা শরিফ

পবিত্র কাবা শরিফ © টিডিসি ফটো

পবিত্র হজের মৌসুম সামনে রেখে বিশ্বের বিভিন্ন প্রান্তের হজযাত্রীদের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ভিসা ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ। মূলত হজযাত্রীদের সেবাপ্রাপ্তি সহজতর করা এবং সার্বিক প্রস্তুতি জোরদার করার লক্ষ্যেই হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর প্রায় চার মাস আগে এই প্রক্রিয়া শুরু হচ্ছে।

সৌদি গেজেটের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভিসা কার্যক্রম দ্রুত শুরু করার এই উদ্যোগ সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশ থেকে আসা হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সব সেবার শতভাগ চুক্তি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কার সব আবাসনসংক্রান্ত চুক্তিও সম্পন্ন হয়েছে। তথ্যমতে, এ পর্যন্ত প্রায় সাত লাখ ৫০ হাজার হজযাত্রী নিবন্ধন করেছেন, যার মধ্যে ৩০ হাজার জন সরাসরি নিজ নিজ দেশ থেকে হজ প্যাকেজ বুক করেছেন।

আন্তর্জাতিক হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে পবিত্র স্থানগুলোতে প্রায় ৪৮৫টি ক্যাম্প বরাদ্দ দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। পাশাপাশি ৭৩টি হজবিষয়ক দপ্তর তাদের প্রাথমিক চুক্তিগত প্রস্তুতি সম্পন্ন করেছে।

বাংলাদেশি হজযাত্রীদের বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের নিবন্ধিত হজযাত্রীদের সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ শেষে ফিটনেস সনদ সংগ্রহ করে ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে ভিসার জন্য আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিতে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিসহ সব হজযাত্রীকে নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় আরও স্পষ্ট করেছে যে, ‘চলতি বছর ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রী হজে যেতে পারবেন না।’ সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শুরু হবে আগামী ১৮ এপ্রিল থেকে।

ট্যাগ: হজ
জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরি, আবেদন…
  • ১৭ অক্টোবর ২০২৬
একদিনেই দুই সুখবর পেলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যানেজার পুলিশি হ…
  • ১৭ অক্টোবর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের ১৩তম গ্রেড নিয়ে যা বললেন সচিব
  • ১৭ অক্টোবর ২০২৬
শনাক্ত করা যাচ্ছে না পুড়ে যাওয়া ১০ মরদেহ, লাপাত্তা রিসোর্ট …
  • ১৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির সমাবর্তন ৩ ডিসেম্বর
  • ১৭ অক্টোবর ২০২৬