ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কালো দিবস’ পালিত

ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে: ঢাবি ভিসি

২৩ আগস্ট ২০২১, ০৩:৫৩ PM
কালো দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

কালো দিবস উপলক্ষ্যে আলোচনা সভা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ২০০৭ সালের ২০-২৩ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত অনাকাঙ্খিত ঘটনা এবং তৎকালীন শাসকগোষ্ঠীর ষড়যন্ত্রের চিত্র তুলে ধরে বলেছেন, একটি জাতীয় প্রতিষ্ঠানের গণবিচ্ছিন্ন কিছু মানুষ ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অগণতান্ত্রিক পন্থায় সেদিন ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চেয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের সম্মিলিত প্রতিবাদের মুখে ক্ষমতালিপ্সু সেই অপশক্তি পিছু হটতে বাধ্য হয়েছিল এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করেছিল। এসব ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য তিনি তরুণ প্রজন্মের প্রতি আহবান জানান।

কালো দিবস উপলক্ষ্যে সোমবার (২৩ আগস্ট) অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই আহবান জানান। স্বাস্থ্যবিধি অনুসরণ এবং সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, কারা নির্যাতিত শিক্ষক অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, কারা নির্যাতিত ছাত্র মানবেন্দ্র দেব ও মো. তৈয়ব আলী, ছাত্রনেতা মো. সাদ্দাম হোসেনসহ অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী সমিতি, কারিগরি কর্মচারী সমিতি ও চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ২০০৭ সালের ২০-২৩ আগস্ট বিভীষিকাময় ঘটনাবলীর স্মৃতিচারণ করে বলেন, সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিকল্পিতভাবে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর আক্রমণ চালানো হয়েছিল। বঙ্গবন্ধু’র রাজনৈতিক জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা তখন সম্মিলিতভাবে আক্রমণকারীদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছিলাম। জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে অপশক্তির অপশাসনের অবসান চেয়েছিলাম। গণমানুষ আমাদের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছিল। ফলে আমাদের আন্দোলন যৌক্তিক পরিণতিতে পৌঁছেছিল এবং আমরা দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলাম।

উপাচার্য ২০০৭ সালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেনা ক্যাম্প স্থাপন এবং ক্যাম্প স্থাপনের অনুমতি দেয়ার ঘটনা তুলে ধরে বলেন, তা ছিল প্রাতিষ্ঠানিক দায়িত্বহীনতার চরম বহি:প্রকাশ। দেশের রাজনৈতিক ধারা বাধাগ্রস্ত হলে সমগ্র জাতি বিপদগ্রস্ত হয়ে পড়ে উল্লেখ করে তিনি বলেন, একারণে রাজনৈতিক প্রতিষ্ঠানের গুরুত্ব ও মর্যাদা অক্ষুন্ন রাখা জরুরি।

উল্লেখ্য, বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো দিবস পালিত হয়। দিবসটি পালন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের কালো ব্যাজ ধারণ এবং আলোচনা সভা।

১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা তিন কেন্দ্রে, সময়সূচি প্রক…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিল সরকার
  • ১৫ অক্টোবর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো কারিকুলামেই পাঠদান, চূড়ান্ত হয়নি সেন্ট্রাল ইউনিভার্স…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন শেকৃবির শিক্ষক-শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬