ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত দেশের প্রথম গবেষণা সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (ডিইউআরএস) এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক স্টুডেন্ট রিসার্চ কনফারেন্স (1st International Student Research Conference-2020)। আগামীকাল রোববার(৬ ডিসেম্বর) অনলাইন প্ল্যাটফর্ম জুমে সকাল ৯টা থেকে চলবে বিকাল ৫টা পর্যন্ত।
দিনব্যাপী কনফারেন্সের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন ভারতের পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাজকুমার কুঠারী।
এর আগে ২০১৬ সালের ৬ ডিসেম্বর ‘রিসার্চ ফর এ বেটার ওয়ার্ল্ড’ স্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ প্রতিষ্ঠিত হয়। মূলত প্রতিষ্ঠার চার বছর পূর্তিতে তারা এ আয়োজন করছে।
এতে ভারত, ইরান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং বাংলাদেশের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১৫০ জন তরুণ গবেষক, শিক্ষক ও স্কলার অংশ নিচ্ছেন এই কনফারেন্সে। দিনব্যপী কনফারেন্সে ৫টি টেকনিক্যাল সেশনে ৫০টিরও অধিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন– ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ও ঢাবি গবেষণা সংসদের মডারেটর ড. মুহাম্মদ মনজুরুল করিম, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারপারসন ও ঢাবি গবেষণা সংসদের মডারেটর ড. ফাজরিন হুদা, পশ্চিমবঙ্গের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বিশ্বনাথ চক্রবর্তী, পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. অনিল কুমার বিশ্বাস, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম, ইরানের ইসলামিক ইয়াজদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. কাজেম কাহদুয়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মুমিত আল রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া।
এছাড়াও যুক্তরাষ্ট্র থেকে উপস্থিত থাকবেন গ্লোবাল সেন্টার ফর ইনোভেনশন অ্যান্ড লার্নিংয়ের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শাকিল মালিক এবং ইংল্যান্ডের টিসাইড ইউনিভার্সিটির প্রভাষক মো. নাজমুল ইসলাম প্রমুখ।
এ বিষয়ে সংগঠনটির বর্তমান সভাপতি নাসরিন জেবিন বলেন, বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাদের উদ্যোগে একটি আন্তর্জাতিক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত হওয়া আমাদের মতো তরুণ গবেষকদের জন্য একটি বিশেষ প্রাপ্তি।
সাধারণ সম্পাদক ইসতিয়াক উদ্দিন বলেন, দেশের বাইরে থেকে আমাদের সাথে যুক্ত হওয়া বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ একটি পজিটিভ সম্পর্কের সৃষ্টি করছে। এটি নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্যেও গৌরবজনক।