দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে

২১ অক্টোবর ২০২৬, ১১:৩৪ PM
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স © সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় দীর্ঘ দুই সপ্তাহ বন্ধ থাকার পর আবারও ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৫ অক্টোবর (রবিবার) থেকে ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচল শুরু হবে। একই সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে চালু হচ্ছে স্থগিত থাকা ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইটও।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময়) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশে যাত্রা করবে বিমানের ফ্লাইট। রিয়াদ রুটের অন্যান্য নিয়মিত ফ্লাইট পরিচালনার বিষয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় দুই বাংলাদেশিসহ অন্তত ১৪ জন নিহত হন। এ ঘটনার পর নিরাপত্তার কারণে বিমানবন্দরটিতে সাময়িকভাবে ফ্লাইট চলাচল স্থগিত করে সৌদি কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে ১০ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ রাখে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

এদিকে স্থগিত থাকা ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইটও বৃহস্পতিবার থেকে পুনরায় চালু হচ্ছে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে।

বিজ্ঞপ্তিতে জেদ্দা রুটের ফ্লাইট সূচিতেও পরিবর্তনের তথ্য জানানো হয়েছে। ২২ অক্টোবর এ রুটে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে নিয়মিত ফ্লাইট ছেড়ে যাবে।

অন্যদিকে, মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের মাধ্যমে ফ্লাইট পরিচালনা আগের সময়সূচি অনুযায়ী স্বাভাবিক রয়েছে। ফ্লাইটের সর্বশেষ সময়সূচি ও টিকিট বুকিংসংক্রান্ত তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬