মাঝআকাশে বোমা হামলার হুমকি, জরুরি অবতরণ ইসরায়েলি বিমানের 

১৯ অক্টোবর ২০২৬, ০৩:১১ PM
অস্ট্রিয়ান এয়ারলাইন্স

অস্ট্রিয়ান এয়ারলাইন্স © সংগৃহীত

মাঝ আকাশে বোমা হামলার হুমকি পাওয়ার পর বুলগেরিয়ায় জরুরি অবতরণ করেছে ইসরায়েল থেকে অস্ট্রিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি উড়োজাহাজ। রবিবার (১৯ অক্টোবর) রাতে এয়ারবাস এ৩২০ উড়োজাহাজটি সোফিয়ায় অবতরণের পর যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে, তবে এ ঘটনায় কেউ আহত হননি। খবর বিবিসির

বিবৃতিতে বলা হয়, উড়োজাহাজটিকে পাহারা দিতে দেশটির বিমানবাহিনী একটি মিগ-২৯ যুদ্ধবিমান পাঠায়। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। বুলগেরিয়া ও ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উড়োজাহাজটিতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। অস্ট্রিয়ান এয়ারলাইন্সও হুমকি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি সংস্থাটি। বিবিসিকে দেওয়া তথ্যে সংস্থাটির এক মুখপাত্র বলেন, উড়োজাহাজটিতে ৫১ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন।

রোমানিয়ার আকাশসীমায় থাকা অবস্থায় উড়োজাহাজটি গতিপথ পরিবর্তন করে সোফিয়ার উদ্দেশে রওনা হয়। সতর্কবার্তা পাওয়ার প্রায় ৩০ মিনিটের মধ্যে এটি সোফিয়ায় অবতরণ করে। পরে উড়োজাহাজটিতে নিরাপত্তা তল্লাশি চালায় কর্তৃপক্ষ। তল্লাশিতে কোনো হুমকির প্রমাণ পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে অস্ট্রিয়ান এয়ারলাইন্স। এরপর সব যাত্রীকে নিয়ে উড়োজাহাজটি ভিয়েনার উদ্দেশে যাত্রা সম্পন্ন করে।

বিমান চলাচল পর্যবেক্ষণকারী তথ্য অনুযায়ী, রবিবার সন্ধ্যায় তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে অস্ট্রিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ৮২ যাত্রা শুরু করে। প্রায় তিন ঘণ্টা পর এটি সোফিয়ার ভাসিল লেভস্কি বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে গত মাসে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা করেন এক পাইলট। তিনি উড়োজাহাজটির ক্যাপ্টেনকে আক্রমণ করেন। পরে ক্রু ও যাত্রীরা মিলে তাকে নিয়ন্ত্রণে আনেন এবং উড়োজাহাজটি সৌদি আরবে নিরাপদে অবতরণ করে।

এ ছাড়া গত সপ্তাহে গ্রিসের পর্যটন দ্বীপ করফু থেকে জার্মানির নুরেমবার্গগামী একটি বাণিজ্যিক উড়োজাহাজ থেকে ভুলবশত ছিনতাইয়ের সতর্কবার্তা পাঠানো হয়। এ ঘটনায় ক্রোয়েশিয়া ও জার্মানি উভয় দেশই তাৎক্ষণিকভাবে যুদ্ধবিমান পাঠিয়েছিল।

কল সেন্টার এক্সিকিউটিভ নিয়োগ দেবে পেট্রোম্যাক্স এলপিজি, আবে…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ক্যান্সার চিকিৎসায় ব্যয় …
  • ১৯ অক্টোবর ২০২৬
গার্মেন্টস শিল্পে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের শাস্তির দাবি জ…
  • ১৯ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকা ‘চাঁদা দাবি’, তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা
  • ১৯ অক্টোবর ২০২৬
পুড়ে এক হয়ে গেছে ৩ মরদেহ, ডিএনএ পরীক্ষায় মিলবে পরিচয়, ধারণা…
  • ১৯ অক্টোবর ২০২৬
ইশরাকের অভিযানের পরও সেই স্পটে মাদকের জমজমাট বিকিকিনি
  • ১৯ অক্টোবর ২০২৬