টেস্ট সিরিজ খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ

১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ PM
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল © সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ক্যারিবীয়দের বহনকারী বিমানটি।

আগামী ২৮ অক্টোবর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট। তবে প্রথম টেস্টের আগে ২২ অক্টোবর দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।

এদিকে সফরের আগে দলে শেষ মুহূর্তে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ আজ এক বিবৃতিতে জানিয়েছে, ব্যক্তিগত ও পারিবারিক কারণে সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন পেসার কিমো পল। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার শামার স্প্রিঙ্গার।

সর্বশেষ ২০২১ সালে বাংলাদেশ সফরে টেস্ট সিরিজ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেবার ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল ক্যারিবীয়রা।

এ পর্যন্ত ১১টি টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছে দল দুটি। এর মধ্যে ২০০৯ ও ২০১৮ সালে দুটি সিরিজ জিতেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৮টি সিরিজ। বাকি একটি সিরিজ ড্র হয়।

দুই দলের মধ্যকার ২২টি টেস্টের মধ্যে বাংলাদেশের জয় পাঁচটিতে, হেরেছে ১৫টিতে। বাকি দুটি টেস্ট ড্র হয়েছে।

তবে সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে এবারের সিরিজে বাংলাদেশকে ফেভারিট মনে করা হচ্ছে। সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে বড় অগ্রগতি অর্জনের সুযোগ রয়েছে স্বাগতিকদের। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করায় বাংলাদেশের আত্মবিশ্বাস আরও বেড়েছে।

বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশ চতুর্থ স্থানে রয়েছে। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এই টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ফাইনালে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে সিরিজটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। অন্যদিকে, পয়েন্ট তালিকার অষ্টম স্থানে রয়েছে ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজের পরিবর্তিত টেস্ট স্কোয়াড:

রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, ত্যাগনারায়ণ চন্দ্রপল, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কেমার রোচ, জেইডেন সিলস, শামার স্প্রিঙ্গার ও কেভিন উইকহ্যাম।

বিভাগীয় ৭ শহরে নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন অভিজ্ঞতা ছা…
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতি পাঁচজনে ৪ জনই ভুগছেন মেরুদণ্ডের ব্যথায়
  • ১৮ অক্টোবর ২০২৬
বড় জয়ে বাংলাদেশকে বার্তা দিয়ে রাখল ভারত
  • ১৮ অক্টোবর ২০২৬
সৌদিতে নিহত আলেমের পরিবারকে ১০ লাখ টাকা দিলেন আহমাদুল্লাহ
  • ১৮ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল কত তারিখে, জানা যাবে আগামী সপ্তাহের শুরুতে
  • ১৮ অক্টোবর ২০২৬