© টিডিসি ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের পরিবারের দুই সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়াও উপাচার্যের অফিসের এক কর্মকর্তার পরিবারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট, দপ্তরের অন্তত ২০টি পরিবারের অর্ধশতেরও বেশি ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।
গত এক সপ্তাহে হঠাৎ করোনার এমন প্রকোপ বৃদ্ধি পেয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা। এদিকে, শুক্রবার (১৩ নভেম্বর) থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন। এছাড়া মাস্ক ব্যাতীত ক্যাম্পাসে প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ এবং প্রশাসন নো মাস্ক-নো সার্ভিস রুলস কঠোরভাবে ফলো করা হচ্ছে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরের এক কর্মকর্তা তার পরিবার সহ করোনায় আক্রান্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের পরিবারের দুই সদস্য করোনায় আক্রান্ত হলেও তিনি এখনো পর্যন্ত সুস্থ আছেন।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষক করোনায় আক্রান্ত হয়ে পুরো পরিবারসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি ছিলেন দীর্ঘদিন। তবে এখন কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। এর বাইরে যোগাযোগ বৈকল্য বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুজন শিক্ষক এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কর্মরত পরিবহন ম্যানেজার, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সহকারী রেজিস্ট্রারসহ প্রশাসনিক দায়িত্বে থাকা অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন।
ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, গত এক সপ্তাহ হঠাৎ বিশ্ববিদ্যালয় এলাকার করোনা আক্রান্তের হার বেড়েছে। এজন্য আমরা সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছি। এখন থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় মাস্ক ছাড়া প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ এবং প্রশাসন নো মাস্ক-নো সার্ভিস রুলস কঠোরভাবে ফলো করছে। এছাড়াও বিনা প্রয়োজনে বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থানকে নিরুৎসাহিত করছে।