জাকসুর সাইকেল-স্কুটি প্রশিক্ষণে অংশ নিলেন ৬০০ নারী শিক্ষার্থী

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ AM
জাকসুর সাইকেল-স্কুটি প্রশিক্ষণ

জাকসুর সাইকেল-স্কুটি প্রশিক্ষণ © টিডিসি ছবি

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী শিক্ষার্থীদের সাইকেল ও স্কুটি চালনায় দক্ষ ও আত্মবিশ্বাসী করে তুলতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) আয়োজিত সাত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে প্রায় ৬০০ নারী শিক্ষার্থী অংশ নিয়েছেন।

‎গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে ‘আফসানা করিম রাচি সাইকেল অ্যান্ড স্কুটি ট্রেনিং ক্যাম্পেইন ২০২৬’-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কর্মসূচিটির তত্ত্বাবধানে ছিলেন জাকসুর কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী চিশতী।

‎সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

‎প্রধান অতিথির বক্তব্যে আখতার হোসেন বলেন, আফসানা করিম রাচির স্মরণে জাকসুর এ উদ্যোগ গুরুত্বপূর্ণ। পাঁচ শতাধিক শিক্ষার্থী প্রশিক্ষণে অংশ নিয়েছেন জেনে তিনি আনন্দিত। এ প্রশিক্ষণ নারী শিক্ষার্থীদের চলাফেরা ও আত্মনির্ভরশীলতার ক্ষেত্রে উপকারে আসবে। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা এবং বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চা জোরদার করা প্রয়োজন।

‎জাকসুর জিএস মো. মাজহারুল ইসলাম বলেন, জাকসু শুরু থেকেই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে। আফসানা করিম রাচির স্মরণে এ কর্মসূচির নামকরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে নারী শিক্ষার্থীরা আরও আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী হয়ে উঠবেন বলে আশা করেন তিনি।

‎জাকসুর কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী চিশতী বলেন, আফসানা করিম রাচির মৃত্যুর পর ক্যাম্পাসের সড়ক ব্যবস্থাপনা ও পরিবহন সংকটের বিষয়টি সামনে আসে। বিশেষ করে রিকশা সংকটে নারী শিক্ষার্থীদের ভোগান্তি হচ্ছিল। তাদের স্বাবলম্বী করতে সাইকেল ও স্কুটি প্রশিক্ষণের পরিকল্পনা নেওয়া হয়। ১১ থেকে ১৭ সেপ্টেম্বরের কর্মসূচিতে প্রায় ৬০০ নারী শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়েছেন। এ উদ্যোগ তাদের নিরাপদ ও স্বাবলম্বী চলাচলে ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।

‎ভূগোল ও পরিবেশ বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী সাদিয়া ইসলাম তন্বী বলেন, ছোটবেলা থেকেই সাইকেল ও স্কুটি শেখার ইচ্ছা থাকলেও সুযোগ হয়নি। প্রশিক্ষক ও ভলান্টিয়ারদের সহযোগিতা ও উৎসাহে আত্মবিশ্বাস তৈরি হয়েছে। স্বল্প সময়ের মধ্যেই সাইকেল ও স্কুটি চালানো শিখতে পেরেছেন। ভবিষ্যতে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ড্রাইভিংসহ আরও প্রশিক্ষণের আয়োজন করা হলে তারা উপকৃত হবেন।

‎জাকসু সূত্রে জানা যায়, ১১ সেপ্টেম্বর শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি চলে। এতে প্রায় ১০টি স্কুটি ও ১৫টি সাইকেল ব্যবহার করা হয়। প্রথম দিন সচেতনতামূলক ভিডিও ও ভিজ্যুয়াল প্রদর্শনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরবর্তী ছয় দিন দুই স্লটে প্রশিক্ষণ দেওয়া হয়। সাইকেল চালাতে জানা শিক্ষার্থীদের স্কুটি এবং যারা সাইকেল চালাতে জানেন না, তাদের সাইকেল ও স্কুটি চালনার প্রশিক্ষণ দেওয়া হয়।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাকসুর সমাজসেবা সম্পাদক আহসান লাবিব, জাবি ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ানসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

‎উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সড়ক দুর্ঘটনায় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচি নিহত হন। তাঁর স্মরণে এবং নারী শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাবলম্বী চলাচলের সুযোগ তৈরির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে পাতে রাখুন এই ৫ খাবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের ভিসায় কেন কড়াকড়ি, নতুন নি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইন্টারভিউতে নিজের শক্তি-দুর্বলতা জানতে চাইলে কী বলবেন? জেনে…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যে ৩ ভুলে প্রতিনিয়ত চিয়া সিড খেয়েও ওজন কমছে না
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
আজ আন্তর্জাতিক সমমজুরি দিবস: কেন এখনো পিছিয়ে নারীর মজুরি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববাজারে কমল তেলের দাম
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬