সাভারে জাবি শিক্ষার্থীকে অপহরণ-ছিনতাইয়ের অভিযোগ, মুক্তিপণ দাবি ১০ হাজার টাকা

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

‎সাভারের পল্লীবিদ্যুৎ এলাকায় জরুরি ফোন করার কথা বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর মুঠোফোন নিয়ে তাকে অজ্ঞান করে অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। পরে তাকে পলাশবাড়ী এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে মারধর এবং বিকাশে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
‎
‎বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী রাশিদুল ইসলাম রুশোর সঙ্গে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
‎
‎ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, টিউশনে যাওয়ার পথে সাভারের পল্লীবিদ্যুৎ এলাকায় এক ব্যক্তি জরুরি ফোন করার কথা বলে তার কাছে মুঠোফোন চান। সরল বিশ্বাসে ফোনটি দিলে ওই ব্যক্তি কিছুটা দূরে সরে যান। এ সময় আগে থেকেই সেখানে অবস্থান করা আরও কয়েকজন তার সঙ্গে যোগ দেন বলে অভিযোগ করেন রুশো।
‎
‎পরে একটি স্প্রে ব্যবহার করে তাকে অজ্ঞান করা হয় বলে অভিযোগ করেন তিনি। এরপর তাকে পলাশবাড়ী এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে চড়-থাপ্পড়সহ শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং তার মুঠোফোন, মানিব্যাগ ও হাতঘড়ি নিয়ে নেওয়া হয় বলে জানান তিনি।
‎
‎একপর্যায়ে তার কাছে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে তাকে ছেড়ে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন রুশো। পরে এক বন্ধুর কাছ থেকে বিকাশে ৭ হাজার টাকা নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
‎
‎রুশো বলেন, ‘আমার মুঠোফোনটি ফেরত দেওয়ার জন্য অনুরোধ করলে তারা আমাকে হুমকি দেয়। বলে, বেশি করলে আরেক গ্রুপের কাছে পাঠিয়ে দেবে। তখন আরও ঝামেলায় পড়তে হবে।’
‎
‎এ ঘটনায় একাধিক ব্যক্তি ও চক্রের সম্পৃক্ততার আশঙ্কা করছেন ভুক্তভোগী। পল্লীবিদ্যুৎ ও আশপাশের এলাকায় সংঘবদ্ধভাবে অপহরণ ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
‎

ট্যাগ: জাবি
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬