ঢাবির ৫৪তম সমাবর্তনে রেজিস্ট্রেশন ৩৮ হাজার শিক্ষার্থীর, আবেদন সোমবার পর্যন্ত

২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৭ PM , আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনের লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনের লোগো © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে অংশ নিতে এখন পর্যন্ত ৩৮ হাজারের বেশি শিক্ষার্থী অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন। গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী সোমবার (৩০ নভেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনবিষয়ক ওয়েবসাইট (https://convocation.du.ac.bd) ভিজিট করে আবেদন করতে হবে।

আজ শনিবার (২৮ নভেম্বর) রাত ৯টা পর্যন্ত এই সমাবর্তনে অংশ নিতে ৩৮ হাজারের বেশি শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। এরমধ্যে আবেদন ফি পরিশোধ করেছেন ১৮ হাজারের বেশি শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, এই সমাবর্তনে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী অংশ নেবেন।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী আজ শনিবার রাতে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৪ বছর পর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে। এজন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি সবার সহযোগিতাও কামনা করছি। এখন পর্যন্ত সমাবর্তনে অংশ নিতে ৩৮ হাজারেরও বেশি শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। এই সংখ্যাটি সন্তোষজনক। আরও বাড়বে সংখ্যা। আমরা ৪০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ আশা করছি।

তিনি আরও বলেন, সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করবেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সমাবর্তনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক আতসুশি সুনামি। আমরা তাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীর সংখ্যা নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদও একই তথ্য দিয়েছেন। আজ রাত ৯টার দিকে তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, একটু আগে আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন সমাবর্তনে অংশ নিতে ৩৮ হাজারেরও বেশি শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। এরমধ্যে ফি পরিশোধ করেছেন ১৮ হাজার শিক্ষার্থী। আমরা আশা করছি, ৪০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবেন এবার। এর থেকে কম-বেশি হতে পারে। সেভাবে আমাদের প্রস্তুতি চলছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি ২০২৭ মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ডিগ্রি অর্জনকারী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তরা এ সমাবর্তনে অংশ নিতে পারবেন। আগামী সোমবার পর্যন্ত ‎অনলাইনে মোট চারটি ধাপে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনকারীদের আগামী ৩০ নভেম্বরের (রাত ১১:৫৯ মিনিট) মধ্যে অবশ্যই প্রথম ধাপ সম্পন্ন করতে হবে। এরপর আগামী ২ ডিসেম্বর (বুধবার) রাত ১১:৫৯ মিনিটের মধ্যে অনলাইনে সমাবর্তনের পেমেন্ট সম্পন্ন করতে হবে।

ঢাবির ৫৪তম সমাবর্তনে রেজিস্ট্রেশন ৩৮ হাজার শিক্ষার্থীর, আবে…
  • ২৮ নভেম্বর ২০২৬
দেশের ৩২ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের পেছনে ফেলে চ্যাম্পিয়ন…
  • ২৮ নভেম্বর ২০২৬
রেলের টিকিটিং সরকারের হাতে ফেরাতে বিনামূল্যে অ্যাপ দিতে চান…
  • ২৮ নভেম্বর ২০২৬
ডিজিটাল ইনভেস্টিগেশন ফেলোশিপ পেলেন সাংবাদিক তুহি
  • ২৮ নভেম্বর ২০২৬
ছবি দিয়ে রাজনৈতিক পরিচয় নির্ধারণের চেষ্টা অনৈতিক: জবিশিস সভ…
  • ২৮ নভেম্বর ২০২৬
রাজধানীতে পুলিশের গাড়ি ও বাসে আগুন
  • ২৮ নভেম্বর ২০২৬