সভাপতি মো. ইসমাইল এবং সাধারণ সম্পাদক ওমর মুসান্না। © টিডিসি সম্পাদিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জাতীয় ছাত্রশক্তির আট সদস্যের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্সুইরেন্স ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইসমাইলকে সভাপতি এবং ওমর মুসান্নাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাতে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক বছরের জন্য জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ও আশিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাঈনউদ্দিন আরাফ ও এহতেসামুল হক ইশমাম। এছাড়া সাংগঠনিক সম্পাদক উলফাতুর রহমান রাকিব এবং দপ্তর সম্পাদক মো. নাঈম বিশ্বাস।
প্রসঙ্গত, এর আগে গত ২০ অক্টোবর শাখা সভাপতির নিষ্ক্রিয়তার অভিযোগে জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার কমিটি বিলুপ্ত করা হয়। এর ৩৯ দিন পর নতুন এ আংশিক কমিটি ঘোষণা করা হয়।