পাঁচ সদস্যের বাংলাদেশ দল © টিডিসি ফটো
আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াড (আইইও) ২০২৬-এ অংশ নিতে পাঁচ সদস্যের বাংলাদেশ দল চীনের শেনঝেন শহরের উদ্দেশে ঢাকা ছেড়েছে। রোববার (১২ জুলাই) দেশ ছাড়া দলটি আগামীকাল থেকে শুরু হওয়া এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড (বিডিইও) জানায়, এবার সারা দেশের ৪৮ হাজারের বেশি প্রতিযোগীর মধ্য থেকে চার ধাপের বাছাই প্রক্রিয়ার মাধ্যমে পাঁচজন শিক্ষার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
দলের সদস্যরা হলেন—ফারাবিদ ইবনে ফয়সাল (মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল), ফারিহা তাসনিম (মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ), যাইফ ইবনে মোর্শেদ (মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ), প্রান্ত ঘোষ (মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল) এবং ফাইয়াদ সালেহীন আহমেদ (স্কলাস্টিকা)।
দলের সঙ্গে দলনেতা ও পর্যবেক্ষক হিসেবে রয়েছেন বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট মো. আল আমিন পারভেজ, সাধারণ সম্পাদক রাফিদ আবরার এবং হেড অব কমিউনিকেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট মো. আল আমিন রাকিব।
জানা যায়, বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড ২০১৯ সালে যাত্রা শুরু করে। শিক্ষার্থীদের মধ্যে অর্থনীতি বিষয়ে আগ্রহ সৃষ্টি এবং বিশ্লেষণধর্মী দক্ষতা বিকাশে সংগঠনটি কাজ করে যাচ্ছে।
এবারের আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে বাংলাদেশ দলের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ব্র্যাক, পূবালী ব্যাংক ও সিটি ব্যাংক। দেশ ছাড়ার আগে দলের সদস্যরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সাফল্য বয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।