জিপিএ-৫ পেয়েছেন রীতি খাতুন © সংগৃহীত
সংসার ও সন্তানের দায়িত্ব সামলে দীর্ঘ ১৫ বছর পর আবারও পড়াশোনায় ফিরে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রীতি খাতুন। নশিরপুর গ্রামের এই গৃহিণীর এমন সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।
রীতির এই অর্জন দীর্ঘ শিক্ষাবিরতির পর নতুন করে স্বপ্নপূরণের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। তিনি নিজের জীবনের এই সাফল্যকে নতুন অধ্যায় হিসেবে দেখছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এসএসসি পাসের পর পারিবারিক নানা কারণে রীতির পড়াশোনায় ছেদ পড়ে। এরপর বিয়ে, সংসারের দায়িত্ব পালন এবং কন্যাসন্তানের লালন-পালনে ব্যস্ত হয়ে পড়েন তিনি। তবে নানা ব্যস্ততার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়ার স্বপ্ন ছাড়েননি রীতি।
স্বামীর অকৃত্রিম উৎসাহ ও সহযোগিতায় দীর্ঘ ১৫ বছরের বিরতি পেরিয়ে আবারও বই-খাতা হাতে তুলে নেন তিনি। সংসারের নিয়মিত কাজ সামলানোর পাশাপাশি পড়াশোনা চালিয়ে যান। একপর্যায়ে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেন এবং অর্জন করেন জিপিএ-৫।
ফল প্রকাশের পর রীতি ও তাঁর পরিবারের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়। দীর্ঘ বিরতির পর এমন ফল অর্জনে স্বজন ও এলাকাবাসীও উচ্ছ্বাস প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, সংসার ও সন্তানের দায়িত্ব পালনের পাশাপাশি রীতির পড়াশোনা চালিয়ে যাওয়া এবং জিপিএ-৫ অর্জন উচ্চশিক্ষায় আগ্রহী নারীদের জন্য অনুপ্রেরণার উদাহরণ। তাঁদের মতে, বয়স কিংবা দীর্ঘ শিক্ষাবিরতি স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না। সঠিক ইচ্ছাশক্তি, কঠোর অধ্যবসায় ও পরিবারের সহযোগিতা থাকলে যেকোনো বয়সেই নতুন করে পড়াশোনা শুরু করে সফল হওয়া সম্ভব।