নুরুল হক নুর © ফাইল ছবি
করোনা মহামারির মধ্যে সামর্থ্য অনুযায়ী অক্সিজেন, চিকিৎসা সামগ্রীসহ মেডিকেল টিম নিয়ে বিপর্যস্ত ভারতের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুর।
আজ শনিবার (২৫ এপ্রির) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে নুর এ আহ্বান জানান। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের এটি দায়িত্ব বলে মনে করেন তিনি।
ফেসবুক স্ট্যাটাসে নুর বলেন, ভারতে কোভিডের নতুন ভ্যারিয়ান্ট যা খুবই শক্তিশালী। হাসপাতালগুলোতে সক্ষমতার চেয়ে রোগীর ভীড়, সেবা দেওয়ার মতো অবস্থা নেই। মুসলমানরা কোথাও কোথাও মসজিদকে হাসপাতাল বানিয়ে রোগীদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলোতে অক্সিজেন সংকট। দিল্লির হাইকোর্ট মোদি সরকারকে ভিক্ষা করে হলেও অক্সিজেনের ব্যবস্থা করতে বলেছে। শশ্মান, গোরস্থানে লাশের সারি।
নিকটতম প্রতিবেশী দেশ হিসেবে সামর্থ্য অনুযায়ী অক্সিজেন, চিকিৎসা সামগ্রীসহ মেডিকেল টিম নিয়ে বাংলাদেশের উচিত ভারতের পাশে দাঁড়ানো।
‘‘বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অযাচিত হস্তক্ষেপসহ, সীমান্ত হত্যা, নিরাপত্তা, বাণিজ্য, সংস্কৃতি নানা ক্ষেত্রে আগ্রাসনের ফলে বর্তমানে এদেশের মানুষের প্রচন্ড রকম ভারত বিদ্বেষ রয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই।’’
নুরুল হক নু বলেন, আমি মনে করি, সে বিদ্বেষ ভারতের শাসকদের প্রতি জনগণের প্রতি নয়। তাই ভারতের জনগণের এই দুঃসময়ে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানো উচিত।
বাংলাদেশকে ভারত থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়ে নুর বলেন, ভারতের এই বিপর্যয় থেকে বাংলাদেশ শিক্ষা না নিলে বাংলাদেশের অবস্থা আরো ভয়াবহ হতে পারে। বিশেষ করে ভারতের সাথে স্থল, নৌ, বিমান যোগাযোগের ক্ষেত্রে সতর্ক না হলে খুব সহজেই ভারতের এই মরণঘাতী ভ্যারিয়ান্ট বাংলাদেশে ছড়িয়ে পড়তে পারে।
এদিকে, গতকাল শনিবার ভারতে তিন লাখ ৪৯ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এদিন করোনায় মৃত্যু হয়েছে দুই হাজার ৭৬০ জনের। এর মধ্য দিয়ে টানা চতুর্থ দিন ভারতে তিন লাখের বেশি মানুষের করোনা সংক্রমণ শনাক্ত হলো। মৃত্যু সংখ্যা দুই হাজারের বেশি রয়েছে টানা পাঁচদিনের মতো।