আল নাহিয়ান খান জয় © ফাইল ফটো
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, কিছু নামসর্বস্ব সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গতে সহযোগিতা করার চেষ্টা করছে। সেই সব সংগঠনকে ফুঁ দিয়ে উড়িয়ে দেয়ার ক্ষমতা বাংলাদেশ ছাত্রলীগের আছে।
ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৬ জানুয়ারি) দুস্থদের মাঝে শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
জয় বলেন, আজকে ছাত্রলীগের সুনাম দেখে একটি পক্ষের গা জ্বলে। কেউ ছাত্রলীগের সুনাম করলে তাদের মনে কষ্ট লাগে। অনেক নাম সর্বস্ব সংগঠন নিয়ে ছাত্র সমাবেশ করে। অথচ তাদের ২০ জন নেতাকর্মীও নেই। যারা ছাত্র সংগঠন নাম ভাঙিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের বাংলাদেশের মানুষ এবং ছাত্র সমাজ বয়কট করেছে।
তিনি আরও বলেন, ছাত্রলীগ ভালো কাজ করলে সেটি সংবাদপত্রে খুব কমই ছাপা হয়। অথচ ছাত্রলীগের কেউ যদি ভুলক্রমে খারাপ কাজ করে তাহলে সেটি সংবাদপত্রের বড় শিরোনাম হয়। সাংবাদিক বন্ধুরা আপনারা আমাদের ভালো কাজের কথাও লিখুন। আমরা কখনো কোনো খারাপ কাজকে সমর্থন করিনা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।