১ সেপ্টেম্বর ‘স্মরণকালের সর্ববৃহৎ’ ছাত্র সমাবেশ করবে ছাত্রলীগ

২৬ আগস্ট ২০২৩, ১২:১৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
ছাত্র সমাবেশ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আজ সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগ

ছাত্র সমাবেশ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আজ সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগ © ফাইল ছবি

শোকাবহ আগস্টের কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘স্মরণকালের সর্ববৃহৎ’ ছাত্র সমাবেশ করবে বাংলাদেশ ছাত্রলীগ। আগামী শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ ছাত্র সমাবেশ হবে। এতে সারাদেশ থেকে অন্তত পাঁচ লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত থাকবেন বলে ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ছাড়াও কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এর আগে ৩১ আগস্ট এ সমাবেশ করার কথা থাকলেও সেটি পিছিয়ে আগামী শুক্রবার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ছাত্র সমাবেশের জন্য গত ১০ আগস্ট ছাত্রলীগ ‘প্রস্তুতি সভা’ সম্পন্ন করে। পরে গত ১৮ আগস্ট অনুষ্ঠিত হয় ‘বিশেষ বর্ধিত সভা’। এতে সারাদেশ থেকে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

ছাত্র সমাবেশ সফল করতে এবং সারা দেশ থেকে শিক্ষার্থীদের ছাত্র সমাবেশে নিয়ে আসতে ছাত্রলীগ ইতিমধ্যে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ১২৭টি সমন্বয় টিম গঠন করেছে। একইসঙ্গে দেশের প্রতিটি জেলায়, উপজেলায়, ইউনিয়নে এবং গ্রামে ছাত্রলীগের নেতাকর্মীরা দিনরাত প্রচারণা চালাচ্ছে বলেও জানানো হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আমরা বঙ্গবন্ধু ও বঙ্গমাতার স্মরণে প্রতি বছর স্মরণসভার আয়োজন করে থাকি। সে লক্ষ্যে আমরা মাসের শেষ দিন ৩১ আগস্ট ছাত্র সমাবেশ করার পরিকল্পনা গ্রহণ করেছিলাম। কিন্তু এ দিন সরকারি ছুটি না থাকায় এইচএসসি পরীক্ষা ও ক্যাম্পাসে জনদুর্ভোগ তৈরির আশঙ্কা করে সেটি পিছিয়ে ১ সেপ্টেম্বর শুক্রবার ছুটির দিনে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি। সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ হবে।

তিনি আরও বলেন, এ সমাবেশে ছাত্রলীগ মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে রাজনীতির মাধ্যমে পরাজিত করতে চায়। এজন্য আমরা প্রস্তুতি সভা, বর্ধিত সভা করেছি, যেন সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীদের এখানে সমবেত করা যায়। আগামী ১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদের উপস্থিতি জানান দিয়ে দেশবিরোধী শক্তিকে বার্তা দিতে চায় যে, বাংলাদেশের মাটিতে তাদের জায়গা হবে না। তাদের সব অপকর্ম রুখতে প্রতিটি নেতাকর্মী সজাগ রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬