রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাঁচ শিক্ষককে ‘সর্বহারা’ পরিচয়ে ফোন করে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে এক শিক্ষক নগরীর মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
হুমকি পাওয়া শিক্ষকেরা হলেন—ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, গণিত বিভাগের গৌর চন্দ্র পাল, সমাজকর্ম বিভাগের জান্নাতুল ফেরদৌস, নাট্যকলা বিভাগের শাহরিয়ার হোসেন ও কৌশিক সরকার।
ভুক্তভোগী শিক্ষকেরা জানান, ‘সর্বহারা’ পরিচয়ে ফোন করে তাদের কাছে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করা হয়। টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
নাট্যকলা বিভাগের শিক্ষক শাহরিয়ার হোসেন জানান, তার কাছে দুইবার ফোন আসে। কলদাতা নিজেকে সিরাজ শিকদারের ছোট ভাই পরিচয় দেন। জেলে থাকা কর্মীদের জামিনের খরচের কথা উল্লেখ করে তার কাছে টাকা দাবি করেন।
কথোপকথনের একপর্যায়ে তাকে হুমকি দিয়ে বলা হয়, ‘আপনার মাথায় রিভলবার ধরে বলেনি যে আপনি টাকা ম্যানেজ রাখবেন।’
পরে বিষয়টি জানিয়ে মতিহার থানায় জিডি করেন শাহরিয়ার হোসেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকেও বিষয়টি জানান তিনি।
পরবর্তীতে পুলিশের ট্র্যাকিংয়ে দেখা যায়, মাদারীপুর থেকে রেজাউল করিম নামে এক ব্যক্তির পরিচয়ে নিবন্ধিত সিম থেকে কলটি করা হয়েছিল।
ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন জানান, ‘সর্বহারা’ পরিচয়ে ফোন করা হলে তিনি বিস্তারিত কথা না বলে সংযোগ কেটে দেন। পরে জানতে পারেন, অন্য শিক্ষকদের কাছেও একই ধরনের কল এসেছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজুন জানান, অভিযোগ পাওয়ার পর জিডি নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। দ্রুতই এর সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।