কুয়েট শিক্ষার্থী সারওয়ার ইসলাম জনি © টিডিসি ছবি
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নগর উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ‘টেকসই নগর পরিকল্পনায় তরুণদের ভাবনা’ শীর্ষক জাতীয় উদ্ভাবনী প্রতিযোগিতায় নগর ও অঞ্চল পরিকল্পনা ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী সারওয়ার ইসলাম জনি।
গত ২৬ সেপ্টেম্বর নগর উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে প্রতিযোগিতার চূড়ান্ত বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থাপিত উদ্ভাবনী নগর উন্নয়ন ধারণার মধ্য থেকে জনির প্রস্তাবিত ‘Eco-Canopy: Mitigating Urban Heat Island and Alleviating Power Crisis through Rooftop Solar Integration and Passive Cooling’ প্রকল্পটি দ্বিতীয় স্থান অর্জন করে।
প্রকল্পটিতে নগর এলাকায় ‘আরবান হিট আইল্যান্ড’ বা অতিরিক্ত তাপমাত্রার প্রভাব কমানোর পাশাপাশি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ সংযোগ এবং প্রাকৃতিক শীতলীকরণ পদ্ধতির সমন্বয়ে বিদ্যুৎ সংকট মোকাবিলার একটি টেকসই পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি দল এবং তৃতীয় স্থান পেয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি প্রতিনিধি দল।
আয়োজক সূত্রে জানা গেছে, বিজয়ী শিক্ষার্থীদের আগামী ৫ অক্টোবর দুপুর ২টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আনুষ্ঠানিকভাবে সনদ ও পুরস্কার প্রদান করা হবে।
দ্বিতীয় স্থান অর্জনের অনুভূতি জানিয়ে সারওয়ার ইসলাম জনি বলেন, “আল্লাহর অশেষ মেহেরবানিতে এমন একটি জাতীয় মঞ্চে প্রথমবার অংশ নিয়েই এই প্রাপ্তি। এই কাজের পেছনে শ্রদ্ধেয় ড. নাজমুল হক স্যারের দিকনির্দেশনা ও অনুপ্রেরণা আমার শক্তি যুগিয়েছে।”
তিনি বলেন, “এই অর্জনের মুহূর্তে সবচেয়ে বেশি মনে পড়ছে আমার সদ্যপ্রয়াত রুমমেট ফাহাদ বিন আব্দুল আজিজকে (সিভিল-২২)। আইডিয়াটির শুরুর দিনগুলোতে সে-ই আমাকে সবচেয়ে বেশি মানসিক সমর্থন দিয়েছিল। প্রেজেন্টেশনের মাত্র দুই দিন আগে তার আকস্মিক প্রয়াণে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। সেই মুহূর্তে আমার বড় ভাই ও পরিবার পাশে থেকে সাহস না জোগালে হয়তো অংশগ্রহণই সম্ভব হতো না।”
“আমি ফাহাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই অর্জনটি তাকেই উৎসর্গ করতে চাই,” বলেন জনি।