আলোচনায় থাকা নেতা-কর্মী © টিডিসি সম্পাদিত
রাজধানীর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত হওয়ার পর নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ এ ইউনিটের নতুন কমিটিতে নেতৃত্বে আসতে একাধিক ছাত্রনেতার নাম আলোচনায় রয়েছে। এরই মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে। নতুন কমিটিতে নিজেদের অবস্থান জানান দিতে সম্ভাব্য প্রার্থীরা ক্যাম্পাসে মিছিল, শোডাউনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
আলোচনায় থাকা এসব নেতারা দাবি করছেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের শাসনামলে তারা সবাই জেল-জুলুম ও বিভিন্ন ধরনের অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন। তাদের সেই ত্যাগের ভিত্তিতেই নতুন কমিটি দিতে হবে।
নেতৃত্বে আসার দৌড়ে রয়েছেন সবচেয়ে সিনিয়র সাবেক সদস্য সচিব সেলিম রেজা (২০০৮-০৯ সেশন) এবং একই সেশনের আরেক প্রার্থী আরিফ মোল্লা। এছাড়া আলোচনায় থাকা অন্য প্রার্থীরা হলেন- রিয়াজুল ইসলাম রিয়াজ (২০১১-১২ সেশন), হামদে রাব্বী আকরাম (২০১০-১১ সেশন), শিহাব উদ্দিন সিয়াম (২০১১-১২ সেশন), রিমু হোসাইন (২০১৩-১৪ সেশন), জিহাদ হাওলাদার (২০১৩-১৪ সেশন) ও মিরাজ আল ওয়াসী (২০১০-১১ সেশন)।
অন্যদিকে সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন- আকরাম হোসেন টোটন (২০১১-১২ সেশন), হাসান উল্ল্যাহ মির্জা (১৪-১৫ সেশন), শহীদুল ইসলাম (১১-১২ সেশন) ও আবু হুজাইফা রকি (১২-১৩ সেশন)।
এছাড়াও শিক্ষার্থীদের জনপ্রিয়তায় র্শীষে রয়েছেন- নোবেল ইসলাম সূর্য (১৫-১৬ সেশন), মাসুদ রানা পাটোয়ারী (১৫-১৬ সেশন), মোহাম্মদ রফিক (১২-১৩ সেশন), মো. আক্তার হোসেন (১০-১১ সেশন) ও খান মোহাম্মদ ইউসুফ আলী (১১-১২ সেশন)। আলোচনায় থাকা এসব নেতারা বিগত আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইমাম
সভাপতি পদপ্রত্যাশী নোবেল ইসলাম সূর্য দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা তিতুমীর কলেজ ছাত্রদলে এমন নেতৃত্ব চাই যার শিক্ষার্থীদের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা আছে, যে জ্ঞান ভিত্তিক রাজনীতির চর্চা করে, শিক্ষার্থীবান্ধব এবং কর্মীবান্ধব। যে হবে সৎ, পরিশ্রমী ও মেধাবী এবং সেই সাথে যার স্বৈরাচারী হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামের অগ্রগামী ভূমিকা ছিলো এমন অভিজ্ঞতা সম্পূর্ণ নেতৃত্ব আমরা প্রত্যাশা করি।
আলোচনায় থাকা মাসুদ রানা পাটোয়ারী বলেন, সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, শিক্ষা-সংক্রান্ত সমস্যা এবং ক্যাম্পাসের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় রাখি। দায়িত্ব পাওয়ার সুযোগ হলে দল-মত নির্বিশেষে সকল শিক্ষার্থীর কথা মনোযোগ দিয়ে শুনে তাদের যৌক্তিক বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে চাই। শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে সহযোগিতা, প্রয়োজনীয় তথ্যপ্রাপ্তি, বিভিন্ন প্রশাসনিক জটিলতা ও ক্যাম্পাসের শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিয়ে দায়িত্বশীলভাবে কাজ করাই থাকবে আমার মূল লক্ষ্য।
এর আগে, গত ২৬ সেপ্টেম্বর তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সহযোগী সদস্য আব্দুর রহমান তালুকদার হামলার শিকার হন। এর পরদিন ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এক প্রেস বিজ্ঞপ্তিতে তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর ইমাম হোসেনকে আহবায়ক ও সেলিম রেজাকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সরকারি তিতুমীর কলেজ শাখার কমিটি ঘোষণা করা হয়েছিল। সেই আহ্বায়ক কমিটির ভেঙে দেওয়া হয় ২০২৬ সালের ২৬ সেপ্টেম্বর ১ বছর ৯ মাস ২ দিন পর।