মুখোশ মিছিল কর্মসূচি © টিডিসি ফটো
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের ৫৬ দিন স্মরণে ‘মুখোশ মিছিল’ কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পাশাপাশি আন্দোলনে শিক্ষার্থীদের বাইরে কোনো বহিরাগত ব্যক্তি নেই, এটি স্পষ্ট করতে ‘আইডি কার্ড প্রদর্শন’ কর্মসূচিও পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অধ্যাপক সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের ৮ম দিনে এ সকল কর্মসূচির অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। এতে আন্দোলনরত শিক্ষার্থীরা মুখোশ পরে অংশ নেন। পাশাপাশি তারা তাদের শিক্ষার্থী পরিচয়পত্র উঁচিয়ে ধরে উপস্থিতি নিশ্চিত করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র সংলগ্ন সড়ক ধরে স্বাধীনতা চত্বরকে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।
মিছিল চলাকালে শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে—সায়েম স্যার, সায়েম স্যার’, ‘একটি নাম, একটি সুর—সায়েম স্যার,সায়েম স্যার’,‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে অংশ পুরকৌশল বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মারজুকা চৌধুরী মাহিরা বলেন, ‘আমরা চুয়েট শিক্ষার্থীরা শহীদ মিনারে সমবেত হয়েছি আজ ৮ম দিনের মতো।সায়েম স্যারকে ভিসি হিসেবে পুনর্বহালের জন্য আজকে আমরা মুখোশ মিছিল আয়োজন করেছি। সরকারের কাছে আমাদের একটা বার্তা-আমরা ভিসি হিসেবে সায়েম স্যারকে চাই। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি মানা না হচ্ছে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।’