ইবি ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল © সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচি ঘিরে ক্যাম্পাসে ছাত্রলীগের নৈরাজ্য রুখতে ও কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে সতর্ক অবস্থানে রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দেশব্যাপী হামলা, নৈরাজ্যসহ বিভিন্ন অরাজকতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা। পরবর্তী সময়ে রাত ১০টার দিকে আবারও ছাত্রলীগের অপতৎপরতা রুখতে রাজপথে নামে ইবি ছাত্রদল। এ সময় ক্যাম্পাসের ভেতরে, মেইন গেটে ও পার্শ্ববর্তী শেখপাড়া শান্তিডাঙ্গা অঞ্চলেও মিছিল করে প্রদক্ষিণ করে ছাত্রদলের নেতাকর্মীরা।
শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্যসচিব রাফিজ আহমেদের নেতৃত্বে এ সময় মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা ‘ছাত্রলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’; ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’; ‘খুনি হাসিনার আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’; ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’; ‘খুনি হাসিনার আস্তানা, এই বাংলায় হবে না’; ‘আয় হাসিনা দেইখা যা, রাজপথে তোর বাপেরা’; ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ ইত্যাদি স্লোগান দেন।
এন আড়ে গত ১০ নভেম্বর দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও রাতে ক্যাম্পাসের মেইন গেটে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরবর্তী সময়ে গত ১৫ নভেম্বর ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন ছাত্রদলের নেতা কর্মীরা। সেদিন রাতেই যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোটরসাইকেল শোডাউন করে ইবি ছাত্রদল।
শাখা ছাত্রদলের সদস্যসচিব রাফিজ আহমেদ বলেন, দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। আমাদের তথ্য বলছে, নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটির সঙ্গে কতিপয় শিক্ষক, কর্মকর্তা - কর্মচারীর সঙ্গে অনলাইন বৈঠকের মাধ্যমে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছে। এরই মধ্যে ক্যাম্পাস বাসে পেট্রোল বোমা নিক্ষেপের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দেওয়া হবে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে ইবি ছাত্রদল সদা তৎপর।
শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের লকডাউন কর্মসূচি মোকাবেলায় গতকাল থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা সোচ্চার রয়েছেন। শুধু গতকাল নয়, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ছাত্রলীগের মাথাচাড়া দিয়ে উঠতে চেষ্টা করার পর থেকেই ছাত্রদল রাজপথে অবস্থান নিয়েছে। তাদের যেকোনো ধরনের অপতৎপরতা, সহিংসতা, ক্যাম্পাসে নৈরাজ্য প্রতিহত করতে ছাত্রদল সর্বদা প্রস্তুত। আমরা অত্যন্ত স্পষ্ট করে বলে দিতে চাই, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও সন্ত্রাসী ছাত্রলীগের কোন স্থান হবে না। নিরাপদ ক্যাম্পাস ছাত্রদলের অঙ্গীকার, ছাত্রদল তা রক্ষা করবে।