জবিতে আওয়ামী লীগ সন্দেহে ৫ কর্মকর্তাকে পিটিয়ে প্রক্টর অফিসে নিয়ে যায় ছাত্রদল নেতাকর্মীরা ও শাখা ছাত্রদল আহ্বায়ক মেহেদি হাসান হিমেল © টিডিসি সম্পাদিত
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে হস্তান্তর করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। গত ৯ নভেম্বর জবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক ছাত্রলীগের অর্থ সম্পাদক রেদোয়ান আহমেদের হোয়াটসঅ্যাপে তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে দাবি করেছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল। এসব কর্মকর্তার অর্থায়নে সহিংসতা চালানোর অভিযোগও করেছেন তিনি। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ছাত্রদলের এই নেতা।
সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
মেহেদি হাসান হিমেল বলেন, গত ১৭ বছরে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সংগ্রামে বিএনপি পরিবারের হাজারো প্রাণ ঝরেছে। গুমের শিকার হয়েছেন শত শত নিরপরাধ নেতাকর্মী ও সাধারণ মানুষ। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১ হাজার ৪০০ শিক্ষার্থীর রক্তের বিনিময়ে আজকের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন এবং আওয়ামী লীগের রাজনীতি ও সংগঠন নিষিদ্ধ করা হয়েছে।
ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ক্রিয়াশীল সংগঠনকে সঙ্গে নিয়ে কাজ করেছেন জানিয়ে তিনি বলেন, মববাজির বিরুদ্ধেও আমাদের অবস্থান রয়েছে। তবে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন। আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদধারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট তথ্য পেয়েছি। গত ৯ নভেম্বর ককটেল বিস্ফোরণের সময় ছাত্রলীগের অর্থ সম্পাদক রেদোয়ান আহমেদকে আটক করা হয়। তার হোয়াটসঅ্যাপে বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তার একটি গ্রুপের সন্ধান পাওয়া গেছে। এসব কর্মকর্তার অর্থায়নে সহিংসতা চালানোর অভিযোগ রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
জুলাই-আগস্ট আন্দোলনে ৩ হাজারের বেশি মানুষকে হত্যা এবং ৫০ হাজারের বেশি মানুষকে পঙ্গু করে দেওয়ার অভিযোগও করেন জবি ছাত্রদলের আহ্বায়ক। তিনি বলেন, ‘বিগত ১৭ বছরের গুম খুন হত্যার পরিসংখ্যান নাইবা দিলাম। জনরোষের কবলে পড়ে মসজিদের ইমামসহ পলায়ন করেছে। যারা সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মরত, তাদের ভিতরও মিনিমাম অনুশোচনা নাই। বরং দেশকে কিভাবে অস্থিতিশীল করা যায় সেই পায়তারায় লিপ্ত তারা। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ক্ষমতায় বসানোর দিবাস্বপ্নে বিভোর তারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী নিধন শুরু হলো। ধন্যবাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী নিধনের যে কাজ শুরু হলো এটা প্রতিটা প্রতিষ্ঠান, প্রতিটা দপ্তরে অতিশীঘ্র শুরু করতে হবে। এরা বাংলাদেশের খায়, বাংলাদেশের পড়ে আর গান গায় ভীনদেশীদের।’