রাজশাহীর বাঘায় স্থানীয় লোকজনের সাথে আলোচনা না করে স্কুল পরিচালনা পরিষদের কমিটি বহাল রাখায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ফুঁসে উঠেছে হরিপুর গ্রামবাসী। ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুরে প্রায় শতাধিক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এ বিষয়ে একটি অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হরিপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হতে-না হতে কাউকে না জানিয়ে পূর্বের কমিটি বহাল রেখেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। এ ঘটনায় ফুঁসে উঠেছেন অত্র এলাকার সাধারণ জনগণ। তাদের দাবি, নির্বাচন দিয়ে বিধি মোতাবেক কমিটি গঠন করা হোক। কিন্তু প্রধান শিক্ষক সেটা না করে পেশি শক্তি ব্যবহার করে নিজের ইচ্ছায় পকেট কমিটি গঠন করেছেন বলে দাবি গ্রামবাসীর। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। যে কোন সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলেও ধারণা করছেন অনেকে।
ওই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র শান্ত ইসলামের বাবা সাইদুল ইসলাম বলেন, কবে কিভাবে কমিটি গঠন করা হয়েছে এটা আমার জানা নেই। আমি বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করতে চেয়ে ছিলাম। কিন্তু আমাকে কিছুই জানানো হয়নি। তারা নির্বাচন না করে নিজের ইচ্ছায় কমিটি গঠন করেছে। আমি এ ঘটনার প্রতিবাদে নির্বাহী কর্মকর্তার নিকট পাঠানো অভিযোগে স্বাক্ষর করেছি।
অপর অভিভাবক নান্টু হোসেন ও আপতার হোসেন জানান, বিদ্যালয়ের নিজস্ব অনেক সম্পদ আছে। এই সম্পদের হিসেব চতুর প্রধান শিক্ষক ও দুর্নীতিবাজ সভাপতি ছাড়া আর কেউ রাখে না। এ কারণে আমরা নির্বাচনের মাধ্যমে এবার নতুন কমিটি চেয়ে ছিলাম।
এ বিষয়ে জানতে চাইলে হরিপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আতাহার হোসেন বলেন, আমি কমিটির সভাপতি রয়েছি। তবে কমিটির মেয়াদ এখানো শেষ হয়নি। প্রধান শিক্ষক কি করেছে আমি সেটা জানিনা। এই মুহূর্তে বিদ্যালয়ের সৌর বিদ্যুতের একটি ব্যাটারি আমার বাড়িতে রয়েছে। আমি প্রয়োজনে সেটি ফেরত দিবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, হরিপুর উচ্চ বিদ্যালয়ের কমিটি সংক্রান্ত বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। নিয়ম অনুযায়ী নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হবে। এর আগে যদি প্রধান শিক্ষক কমিটি গঠন করে থাকে এবং সেটা সত্য প্রমাণিত হয়, তবে সে ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।