নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলে সম্প্রতি এক বর্ণাঢ্য ডট-পেইন্টিং কার্যক্রমের আয়োজন © টিডিসি ফটো
আন্তর্জাতিক ডট দিবস উপলক্ষে নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলে সম্প্রতি এক বর্ণাঢ্য ডট-পেইন্টিং কার্যক্রমের আয়োজন করা হয়েছে। স্কুলের খুদে শিক্ষার্থীরা এই আনন্দঘন ও সৃজনশীল কার্যক্রমে অংশ নেয়।
কার্যক্রম চলাকালে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আঙিনা মুখরিত হয়ে ওঠে। খুদে শিক্ষার্থীরা তুলি ও রঙ দিয়ে ক্যানভাসজুড়ে নানা রঙের বৃত্ত এঁকে নিজেদের সৃজনশীলতার বিকাশ ঘটায়। রঙিন ডট বা বিন্দুর ডালপালা মেলে তারা নিজেদের মনের ভাবনাগুলোকে বৈচিত্র্যময় শিল্পকর্মে রূপ দেয়।
স্কুলের প্রিন্সিপাল মারিয়াম নূর ইউনুস বলেন মতে, এ ধরনের কার্যক্রমের মূল লক্ষ্য হলো শিশুদের মধ্যে সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও রঙের সঠিক ব্যবহার সম্পর্কে জানাশোনা তৈরি করা। একটি ছোট্ট বিন্দু থেকেই যে বড় কোনো সৃষ্টির সূচনা হতে পারে—খেলার ছলে সেই ধারণাই শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে এই আয়োজনের মাধ্যমে।
প্রসঙ্গত, বিখ্যাত লেখক ও চিত্রশিল্পী পিটার এইচ. রেনল্ডসের লেখা ‘দ্য ডট’ নামের জনপ্রিয় শিশুতোষ বইয়ের ওপর ভিত্তি করে এই দিবসটি চালু হয়।। বইটির মূল চরিত্র ‘ভাশতি’ নামের একটি ছোট মেয়ে। তার শিক্ষিকার অনুপ্রেরণায় সে ড্রয়িং খাতার পাতায় রেগে শুধু একটি সাধারণ বিন্দু বা 'ডট' এঁকে দেয় এবং নিচে নিজের নাম সই করে। পরের দিন সে দেখে শিক্ষিকা সেই সাধারণ ডটটিকে একটি চমৎকার ফ্রেমে বাঁধিয়ে দেয়ালে ঝুলিয়ে রেখেছেন। এই ঘটনাটি ভাশতির আত্মবিশ্বাসকে পুরোপুরি বদলে দেয় এবং সে আরও নতুন নতুন ডট তৈরি করতে শুরু করে।
আন্তর্জাতিক ডট দিবস (International Dot Day) প্রতি বছর ১৫ সেপ্টেম্বর বিশ্বব্যাপী উদযাপিত হয়। এটি মূলত মানুষের ভেতরের সৃজনশীলতা, সাহস এবং পারস্পরিক সহযোগিতাকে উৎসাহিত করার একটি বৈশ্বিক দিন।