এসএসসি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে ডাচ বাংলা ব্যাংক © সংগৃহীত
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ঘোষণা দিয়েছে ডাচ্-বাংলা ব্যাংক। উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার জন্য এ বৃত্তি দেওয়া হবে। যোগ্য শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে ব্যাংকটি। আবেদন করা যাবে আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
ডাচ্-বাংলা ব্যাংক দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে এ বৃত্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে।
বৃত্তির জন্য এসএসসি ও সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে সিজিপিএর নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে। সিটি করপোরেশন এলাকার স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জিপিএ-৫ থাকতে হবে। একইভাবে জেলা শহর এলাকার স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও জিপিএ-৫ পেতে হবে। তবে গ্রামীণ ও অনগ্রসর অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৮৩ নির্ধারণ করা হয়েছে।
এই বৃত্তির আওতায় এইচএসসি পর্যায়ে দুই বছর শিক্ষার্থীদের সহায়তা দেওয়া হবে। প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে। এর পাশাপাশি পাঠ্য উপকরণের জন্য বছরে ২ হাজার ৫০০ টাকা এবং পোশাক-পরিচ্ছদের জন্য বছরে ১ হাজার টাকা অনুদান দেওয়া হবে।
বৃত্তির ক্ষেত্রে কিছু বিশেষ নীতিমালাও নির্ধারণ করেছে ডাচ্-বাংলা ব্যাংক। সরকারি বৃত্তি ছাড়া অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
এ ছাড়া গ্রামীণ ও অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য মোট বৃত্তির ৯০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। মোট বৃত্তির ৫০ শতাংশ ছাত্রীদের দেওয়ার কথা জানিয়েছে ব্যাংকটি।
যোগ্য ও আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের নির্ধারিত ওয়েবসাইট app.dutchbanglabank.com/DBBLScholarship-এ প্রবেশ করতে হবে। আবেদনের সঙ্গে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি, পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি এবং এসএসসি বা সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ সময় ৪ সেপ্টেম্বর ২০২৬। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা ২২ সেপ্টেম্বর ২০২৬ ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীদের ডাচ্-বাংলা ব্যাংকের ওয়েবসাইট থেকে ‘Primary Selection Letter’ এবং প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপিসহ প্রয়োজনীয় সব কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ব্যাংকের যেকোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হতে হবে। এ কার্যক্রম চলবে ২৩ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
চূড়ান্ত ফলাফল ডাচ্-বাংলা ব্যাংকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। তবে সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
ডাচ্-বাংলা ব্যাংকের পক্ষ থেকে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলা হয়েছে, ব্যাংকের শিক্ষাবৃত্তি তাদের ‘দীপ্তিময় জীবনের স্বপ্ন পূরণের সেতুবন্ধন’ হয়ে উঠবে।