রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা দুই শিফটে তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে। এর মধ্যে মানবিক বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে ‘এ’ ইউনিট। তাই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অন্যতম পছন্দের তালিকায় রয়েছে ইউনিটটি।
‘এ’ ইউনিটে রয়েছে দেশসেরা আইন বিভাগ, আইন ও ভূমি প্রশাসন, অর্থনীতি ও ইংরেজিসহ বেশ কিছু স্বনামধন্য বিভাগ। তাছাড়া এই ইউনিটে রয়েছে অন্যান্য ইউনিটের তুলনায় সবচেয়ে বেশি আসন। যেখানে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে মানবিক, বাণিজ্য, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাও। যেসব ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এই ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের জন্য বিস্তারিত তুলে ধরা হলো।
ইউনিট পরিচিতি
‘এ’ ইউনিটের অধীনে রয়েছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের মোট ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। এ বছর এই ইউনিটে মোট ১৮৭০টি আসন সংখ্যা রয়েছে। এ বছর ২৭টি আসন সংখ্যা কমানো হয়েছে।
আবেদন
গত ১৫ নভেম্বর সকাল ১২টা থেকে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। চলবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। মানবিক শাখার শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৬.৫০। এই ইউনিটে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩২০ টাকা (সার্ভিস চার্জসহ)।
পরীক্ষা পদ্ধতি
গতবারের ন্যায় এবারও বহুনির্বাচনি প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষায় এবার মোট ৮০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে, সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১.২৫। প্রতিটি ভুল উত্তরের ০.২৫ করে নম্বর কাটা হবে। অর্থাৎ চারটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০।
সংগীত; নাট্যকলা; চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র; মৃৎশিল্প ও ভাস্কর্য এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগসমূহের ব্যাবহারিক পরীক্ষার পূর্ণমান হবে ১০০। পাস নম্বর ৪০ নম্বর। ইংরেজি বিভাগে ভর্তির ক্ষেত্র বহুনির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ৫০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এছাড়া এ বছরও আইন এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগে লিখিত পরীক্ষা নেওয়া হবে। ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটেও এ বছর লিখিত পরীক্ষা নেওয়া হবে।
লিখিত পরীক্ষা যেভাবে
ইংরেজি, আইন এবং আইন ও ভূমি প্রশাসন এ ৩টি বিভাগে ভর্তির ক্ষেত্রে MCQ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ইংরেজি বিষয়ে ৫০ নম্বরের (Reading Comprehension 25 ও Essay 25) একটি সমন্বিত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইংরেজি বিভাগের জন্য উক্ত MCQ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্য থেকে ইংরেজি অংশে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ১৫০০ জন, আইন বিভাগ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের জন্য MCQ পরীক্ষায় বাংলা ও ইংরেজি উভয় অংশে ৪৫ শতাংশ নম্বর প্রাপ্ত পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে প্রথম ১৫০০ জন পরীক্ষার্থীদের নিয়ে উক্ত সমন্বিত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইংরেজি বিভাগের জন্য শুধু লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা ও অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে। অপরদিকে আইন বিভাগ এবং আইনও ভূমি প্রশাসন বিভাগের জন্য MCQ ও লিখিত পরীক্ষায় প্রাপ্ত যৌথ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা ও অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে।
মান বণ্টন
‘এ’ ইউনিট (কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)-এর বহুনির্বাচনি প্রশ্নপত্রে ক, খ, গ তিনটি অংশ থাকবে। এর মধ্যে (ক) বাংলা ৩৫ নম্বর, (খ) ইংরেজি ৩৫ নম্বর, (গ) সাধারণ জ্ঞান ৩০ নম্বর। মোট ১০০ নম্বর।
আরও খবর: আজ শেষ হচ্ছে ঢাবির ভর্তি আবেদন, জেনে নিন সব ইউনিটের তথ্য
নির্বাচন প্রক্রিয়া
আবেদন থেকে পরীক্ষার্থী বাছাইয়ের ক্ষেত্রে ৫৫ শতাংশ মানবিক শাখা হতে এবং ৪৫ শতাংশ মানবিক ব্যতীত অন্যান্য শাখা হতে নির্ধারণ করা হবে। তবে বিজ্ঞান ও বাণিজ্য শাখা থেকে প্রয়োজনীয় সংখ্যক আবেদন না পড়লে তা মানবিক শাখা থেকে পূরণ করা হবে।
যেদিন পরীক্ষা
আগামী ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছরে সিলেকশন থাকবে না। দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকাল ২টা থেকে ৩টায় অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল—এই আটটি আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আবেদন করার সময় পরীক্ষার্থীদের পছন্দের পরীক্ষা অঞ্চল নির্বাচন করতে হবে। একবার অঞ্চল নির্বাচন করলে তা আর পরিবর্তন করা যাবে না।
যেভাবে তৈরি হবে মেধাতালিকা
এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর কোনো মার্কস নেই। মোট ১০০ নম্বরের পরীক্ষায় যারা বেশি মার্কস পাবে তারাই মেধাতালিকায় এগিয়ে থাকবে। ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে http://admission.ru.ac.bd জানা যাবে।