জার্মানিতে উচ্চশিক্ষা ও গবেষণা করতে আগ্রহী হলে আবেদন করুন ডাড ইয়াং অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০২৭-এ © সংগৃহীত
জার্মানির ডাড (DAAD) ইয়াং অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। জার্মানিতে পড়াশোনা, গবেষণা বা কোনো একাডেমিক প্রোগ্রামে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬।
জার্মানিতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্পর্কে আগ্রহীদের তথ্য দিতে সাবেক শিক্ষার্থীদের নিয়ে একটি নেটওয়ার্ক গড়ে তুলতেই ডাড (DAAD) ইয়াং অ্যাম্বাসেডর প্রোগ্রামটি চালু করেছে ড্যাড। নির্বাচিত অ্যাম্বাসেডররা জার্মানির বিশ্ববিদ্যালয়, বৃত্তি, গবেষণা কার্যক্রম ও অর্থায়নের সুযোগ সম্পর্কে আগ্রহী শিক্ষার্থীদের জানাবেন। কর্মসূচিটির মেয়াদ হবে দুই সেমিস্টার। শুরুতে নির্বাচিত ব্যক্তিদের জন্য একটি বাধ্যতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের নাগরিকদের জন্য এ সুযোগ উন্মুক্ত।
কী করতে হবে নির্বাচিতদের
*প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের জার্মানির উচ্চশিক্ষাব্যবস্থা, গবেষণা কার্যক্রম, ডাডের বৃত্তি ও আর্থিক সহায়তার বিভিন্ন সুযোগ সম্পর্কে ধারণা দেওয়া হবে।
*প্রশিক্ষণ শেষে ইয়াং অ্যাম্বাসেডররা বিভিন্ন শিক্ষা ও উচ্চশিক্ষাবিষয়ক অনুষ্ঠানে ডাডের প্রতিনিধিত্ব করবেন।
*জার্মানিতে পড়াশোনায় আগ্রহী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন এবং নিজেদের একাডেমিক অভিজ্ঞতা ভাগ করে তাঁদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।
আরও পড়ুন: ইউরোপীয় পার্লামেন্টে ৫ মাসের পেইড ট্রেইনিশিপের সুযোগ, নেই সর্বোচ্চ বয়সসীমা
আবেদনের শর্তাবলি
*ভারত, বাংলাদেশ, ভুটান, নেপাল অথবা শ্রীলঙ্কার নাগরিক হতে হবে।
*জার্মানিতে পড়াশোনা, গবেষণা অথবা কোনো একাডেমিক প্রোগ্রামে অংশ নেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে।
*১ জানুয়ারি ২০২৭ তারিখে বয়স ৩২ বছরের কম হতে হবে।
*২০২৬ সালের নভেম্বরে অনুষ্ঠিতব্য ইয়াং অ্যাম্বাসেডর প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।
*বর্তমানে জার্মানিতে পড়াশোনা করছেন, এমন শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: মেলবোর্ন ইউনিভার্সিটিতে হিউম্যান রাইটস স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ, করুন আবেদন
আবেদনপ্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬।