অস্ট্রেলিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত
মানবাধিকারভিত্তিক গবেষণায় আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি। স্কলারশিপটির কেতাবি নাম হিউম্যান রাইটস স্কলারশিপ (Human Rights Scholarship)। এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা উক্ত বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স বাই রিসার্চ ও ডক্টরাল (PhD) গবেষণা প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর ২০২৬।
মেলবোর্ন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্ন শহরে অবস্থিত। এটি দেশটির অন্যতম প্রাচীন ও খ্যাতনামা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ১৮৫৩ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয় গবেষণা, শিক্ষা ও উদ্ভাবনের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। বিশ্ববিদ্যালয়টি নিয়মিতভাবেই বৈশ্বিক র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থাকে।
হিউম্যান রাইটস স্কলারশিপের অন্যতম মূল লক্ষ্য হলো মানবাধিকার বিষয়ে গবেষণা ও জ্ঞানচর্চা বাড়ানো। আইন, নীতি, সামাজিক ন্যায়বিচার, আদিবাসীদের অধিকার, আন্তর্জাতিক মানবাধিকার কাঠামো, উন্নয়ন, মানবিক অধ্যয়নসহ নানা বিষয়ে গবেষণাকে উৎসাহিত করা হয় এ স্কলারশিপের মাধ্যমে।
সুযোগ-সুবিধা
*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে;
*বছরে প্রায় ৪৪ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার ভাতা প্রদান করবে। মাস্টার্সে সর্বোচ্চ দুই বছর ও পিএইচডিতে সর্বোচ্চ ৩.৫ বছর পর্যন্ত জীবনযাত্রার ভাতা প্রদান করবে;
*স্থানান্তর ভাতা হিসেবে অস্ট্রেলিয়ার ভেতরে দুই হাজার ডলার, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তিন হাজার ডলার প্রদান করবে;
*স্বাস্থ্যবিমা (OSHC) প্রদান করবে;
*অসুস্থতা, মাতৃত্ব ও অভিভাবকত্বজনিত ছুটির সুযোগ প্রদান করবে;
আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়
আবেদনের যোগ্যতা
*আবেদনকারীকে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের Master by Research বা PhD প্রোগ্রামে আবেদন করতে হবে অথবা ভর্তির অফার পেতে হবে;
*গবেষণার বিষয় অবশ্যই মানবাধিকার (Human Rights) সংশ্লিষ্ট হতে হবে;
*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;
*মানবাধিকার বিষয়ে গবেষণা ও কাজ করার আগ্রহ থাকতে হবে;
*প্রার্থীদের মানবাধিকারবিষয়ক কাজ, স্বেচ্ছাসেবামূলক অভিজ্ঞতা ও গবেষণার সামাজিক প্রভাব উল্লেখ করে একটি বিস্তারিত বিবৃতি জমা দিতে হবে;
*মানবাধিকারবিষয়ক গবেষণার সঙ্গে সম্পৃক্ততা ও অবদানের প্রমাণ থাকতে হবে;
*একই স্তরের কোনো গবেষণাভিত্তিক ডিগ্রি পূর্বে অর্জন করা থাকলে আবেদন করা যাবে না;
*বিশ্ববিদ্যালয়ের Graduate Research Degree-এর ভর্তি সংক্রান্ত সব শর্ত পূরণ করতে হবে;
*ইংরেজি ভাষাদক্ষতার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শর্ত পূরণ করতে হবে;
আরও পড়ুন: শেভেনিং স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ যুক্তরাজ্যে, করুন আবেদন
প্রয়োজনীয় নথিপত্র
*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদ;
*গবেষণা প্রস্তাব (Research Proposal);
*জীবনবৃত্তান্ত (সিভি);
*রেফারেন্স/সুপারিশপত্র;
*মানবাধিকার বিষয়ে আগ্রহ ও অবদান বর্ণনা করে ব্যক্তিগত বিবৃতি (Personal Statement);
আরও পড়ুন: বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে, করুন আবেদন
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ অক্টোবর ২০২৬।